২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ মিশনারি স্কুলের ৪ শতাধিক এসএসসি শিক্ষার্থী সংবর্ধিত

চট্টগ্রাম আর্চ ডায়োসিসের অধীন পাঁচ খ্রিস্টান মিশনারি স্কুল থেকে এসএসসি উত্তীর্ণ চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 07:18 PM

Updated : 11 Oct 2022, 02:00 PM

শনিবার বিকালে নগরীর সেন্ট মেরিস স্কুল মিলনায়তনে চট্টগ্রাম ক্যাথলিক আর্চ ডায়োসিস এবং কারিতাস ফরমেশন অব ইয়ুথ অ্যান্ড টিচার্স গ্রোগ্রাম যৌথভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অধীন সেইন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ, সেইন্ট স্কলাসটিকাস হাই স্কুল, দিয়াঙোর মরিয়ম আশ্রম হাই স্কুল, নোয়াখালীর ব্রাদার আন্দ্রে হাই স্কুল ও বান্দরবানের ডন বস্কো হাই স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এ পাঁচটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় ৮০২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

চট্টগ্রামের মেট্রোপলিটন আর্চবিশপ মজেস এম কস্তার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম।

কৃতি শিক্ষার্থীদের মানুষকে মর্যাদার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিজেদের মানবিক মূল্যবোধ জাগ্রত করে অবহেলিত ও নিপীড়িত মানুষের অন্তরে আনন্দ আনার ক্ষেত্রে কাজ করতে হবে। ”

অধ্যাপক শাহেদা বলেন, “খ্রিস্টান মিশনারি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শুধু শিক্ষা নয়, তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে। পৃথিবীতে যে যেভাবে জন্ম নিক না কেন, সকলের অধিকার সমান। দেশ ও দেশের মানুষকে ভালোবাসার অঙ্গীকার আমাদের নিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের ভূমি ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশপ মজেস এম কস্তা আনন্দময় সমাজ গঠনের অঙ্গীকার করিয়ে কৃতি শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।

আলোচনার ফাঁকে ছিল শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।