সিডিএতে আইইবি প্রতিনিধি না থাকায় প্রকল্প বাস্তবায়নে ‘ভুলের’ শঙ্কা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পরিচালনা বোর্ডে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধি না রাখায় প্রতিষ্ঠানটির বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ‘ভুল’ হওয়ার শঙ্কা করছেন প্রকৌশলীরা।
শনিবার ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রকৌশলীরা যে কোনো ধরনের প্রকৌশল কাজে প্রকৌশলীদের নেতৃত্ব দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান আব্দুর রশীদ বলেন, সিডিএর বোর্ডে অনেক পেশাজীবী সদস্যই আছেন। কিন্তু আইইবি থেকে কোনো সদস্য করা হয়নি।
“অথচ মাস্টারপ্লান প্রণয়নে প্রকৌশলীরা সম্পৃক্ত ছিলেন। উন্নয়ন প্রকল্প বিষয়ে আমাদের অবস্থান আমরা সবসময় তুলে ধরি।
“চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) কয়েকটি কমিটিতে আইইবির সদস্যদের রাখা হয়েছে। সিডিএতে ভবন নির্মাণ কমিটি ছাড়া কোথাও সরাসরি এ ধরনের সম্পৃক্ততা নেই।”
সিডিএর ব্যবস্থাপনা প্রকৌশলীদের হাতে না থাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের কাউন্সিল সদস্য প্রকৌশলী আলী আশরাফ বলেন, প্রকৌশল কাজে প্রকৌশলীরা নেতৃত্বে থাকলে ভালো।
“তা না হলে জ্ঞাত বা অজ্ঞাতসারে ভুল হয়। যোগ্য লোককে যোগ্য কাজ দেওয়া হলে তা হতো না।”
আরেক কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন নগরীর জলাবদ্ধতা নিরসনে গঠিত কমিটিতে প্রকৌশলীদের অর্ন্তভুক্ত করার বিষয়টি উল্লেখ করেন।
“সিডিএ আমাদের ডাকে না। আর তাদের ডেকে আমাদের অভিজ্ঞতা সুখকর হয়নি।”
বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণে প্রাণহানি এবং সম্প্রতি সিডিএর নির্মাণাধীন একটি ফ্লাইওভার থেকে নির্মাণসামগ্রী পড়ে পথচারী আহত হওয়ার বিষয় উল্লেখ করে নির্মাণ নিরাপত্তা বিষয়ে প্রকৌশলীদের মতামত জানতে চান সাংবাদিকরা।
প্রকৌশলী মোহাম্মদ হারুন বলেন, ব্যবস্থাপনা ভালো থাকলেও দুর্ঘটনা ঘটা অসম্ভব নয়।
“তবে একটি প্রতিষ্ঠানের (সিডিএ) ব্যবস্থাপনায় বেশি দুর্বলতা দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির টপ লেভেলে প্রকৌশলী না থাকায় কিছু সমস্যা হচ্ছে।”
প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার যে কোনো নির্মাণকাজের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন।
“নিরাপত্তা নিশ্চিত করতে কিছু ব্যয় আছে। কিন্তু প্রকল্প চূড়ান্ত করতে গিয়ে অ-কারিগরি কর্মকর্তারা নিরাপত্তার বিষয়টি ছেঁটে ফেলেন।
“কোনো কোনো প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিগত ক্যারিশমা প্রদর্শন করে দ্রুত প্রকল্প উদ্বোধন করাতে গিয়ে প্রকৌশলগত চর্চার দিকগুলো উপেক্ষা করেন। তখনই দুর্ঘটনা ঘটে।”
আইইবির চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনটির চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান সাদেক মোহাম্মদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান উদয় শেখর দত্ত এবং সম্পাদক প্রবীর কুমার সেন উপস্থিত ছিলেন।
দুই দিনের ‘ইঞ্জিনিয়ার্স ডে’র আয়োজনের মধ্যে রয়েছে শনিবার বিকালে আইইআই (ইন্ডিয়া) ত্রিপুরা স্টেট সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সাসটেইনেবল ডেভলপমেন্ট’ শীর্ষক সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক নির্বাহী ও জ্যেষ্ঠ প্রকৌশলীদের সম্মাননা প্রদান এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠান।
