নগরবাসীকে সচেতন করতে সাংবাদিকদের সহায়তা চাইলেন নাছির
নগরীর নানা সদস্যা দূর করার পদেক্ষপ নিলেও তাতে কাজ না হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এ বিষয়ে নগরবাসীকে সচেতন করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে ‘ড্রেনেজ ও স্যানিটেশন মাস্টারপ্ল্যান’ নিয়ে ওয়াসার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “নগরবাসীকে যে সমস্ত সেবা দেয়ার কথা সেক্ষেত্রে সেগুলো দিতে ব্যর্থ হচ্ছি সে ব্যর্থতার দায়ভার আমরা মাথা পেতে মেনে নিব।
“যেগুলোর ক্ষেত্রে আমাদের কিছু করার নাই, আন্তরিকতা, পদেক্ষেপের ঘাটতি নাই কিন্তু জনগণের সহায়তা পাচ্ছি না বলে সেগুলোতে আমরা সফল হচ্ছি না। প্রত্যশা করতে পারি আপনাদের কলমটা অন্তত আমাদের অনুকূলে ধরবেন।”
বর্জ্য ব্যবস্থাপনায় নানা পদক্ষেপ নিয়েও সফল না হওয়ায় মনক্ষুন্ন নাছির বলেন, “দায়িত্ব প্রহণের পর থেকে প্রতিদিন নগরীতে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জনগণকে আহ্বান জানাচ্ছি। পত্রিকাসহ বিভিন্ন স্থানে বিজ্ঞাপন দিয়েছি। আমার মনে হচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না।”
মেয়র বলেন, “ময়লা সংগ্রহ করতে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত মানুষের কাছে যাবে এবং রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে সুইপিং হয় তাও জনগণকে জানিয়ে দিয়েছি।
“কিন্তু দেখেন তিনটার আগেই যেখানে ইচ্ছে সেখানে ময়লা ফেলে দিচ্ছে। আবার রাত ১১টার পরও করছে। এভাবে যদি ৬০ লাখ মানুষ সমস্যা তৈরি করে আমরা সিটি করপোরেশন যদি সে সমস্যা নিরসনের আন্তরিকভাবে হাজারো চেষ্টা করি তাহলে সম্ভব না।”
সাংবাদিকদের কাছ থেকে চাওয়া প্রত্যাশাকে ন্যায় সঙ্গত মন্তব্য করে নাছির বলেন, “অ্যাডভান্টেজ নেয়ার জন্য এ প্রত্যাশা করছি না। কিন্তু বিনয়ের সাথে বলছি এক্ষেত্রে আমরা খুব একটা সহায়তা পাচ্ছি না।”
এসময় মেয়র খাল দখল করে স্থাপনা নির্মাণ, আবর্জনা ফেলে নালা ভরাটেও ক্ষোভ প্রকাশ করেন।
