পটিয়ায় পুলিশ-আহলে সুন্নাত সংঘর্ষে আহত ১৪
চট্টগ্রামে ইসলামী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
এতে চার পুলিশ সদস্য এবং আহলে সুন্নাতের ১০ অনুসারীর আহত হওয়ার দাবি করা হয়েছে।
মঙ্গলবার পটিয়া উপজেলার শান্তিরহাটে একই স্থানে কওমির অনুসারী এবং আহলে সুন্নাতের মাহফিল ডাকাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে আসছে আহলে সুন্নাত।
আহলে সুন্নাতের নেতা জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিরহাটে বুধবার তাদের ‘সুন্নি সম্মেলন’ হওয়ার কথা ছিল।
“সুন্নিদের ডাকা সম্মেলনস্থলের পাশে কওমি অনুসারীরা ইসলামী মহাসম্মেলনের নামে আরেকটি অনুষ্ঠানের ঘোষণা দিলে আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করি। প্রশাসন উভয়কে শান্ত থাকার আহ্বান জানালে আমরা সংযম প্রদর্শন করি।”
সোমবার রাতে তাদের তৈরি মঞ্চ ভেঙ্গে ফেলা হয় বলে অভিযোগ করেন জামাল উদ্দিন।
“রাতে আমাদের মঞ্চ ভেঙ্গে ফেলায় মঙ্গলবার বিকেলে প্রতিবাদ মিছিল বের করলে পুলিশ আমাদের উপর হামলা করে, আমাদের ১০ জন আহত হয়।”
অন্যদিকে কওমি মাদ্রাসাভিত্তিক মুজাহিদ কমিটির পটিয়া থানার সভাপতি রাশেদুল ইসলাম দাবি করেন, তারা আগে থেকেই প্রশাসনের অনুমতি নিয়ে রেখেছিলেন।
“সুন্নিরা অনুমতি না পাওয়া সত্ত্বেও আমাদের সম্মেলনের জায়গায় মঞ্চ নির্মাণ করতে এসে আমাদের উপর হামলা করে। এছাড়া তারা বাজারে ও মসজিদেও হামলা করেছে।”
পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুজাহিদ কমিটির সম্মেলনের অনুমতি ছিল। সুন্নিদের ব্যানারে যে সম্মেলন, সেটার কোনো অনুমতি প্রশাসন দেয়নি।
“আজ তারা মুজাহিদ কমিটির সম্মেলনের মঞ্চ ভাঙ্গতে এসে বাধার মুখে পড়লে পুলিশের উপর হামলা করে। হামলায় আমাদের চার পুলিশ সদস্য আহত হয়েছে।”
ঘটনাস্থল থেকে চার জনকে আটকের কথাও জানান ওসি।
সংঘর্ষের পর বিকেল চারটা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।
পরে সন্ধ্যার আগে আগে যান চলাচল স্বাভাবিক হয়।
