২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজ জামায়াতি-হেফাজতি চক্রে চলে যাচ্ছে, অভিযোগ উদীচীর গোলটেবিলে

বর্তমান সমাজ জামায়াতি আর হেফাজতিদের চক্রে চলে যাচ্ছে অভিযোগ করে চট্টগ্রামের এক গোলটেবিল বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন আলোচকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 10:49 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

শনিবার চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে সুপ্রভাত স্টুডিও হলে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠীর চট্টগ্রাম শাখা।

পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ, বাংলা বর্ষবরণে ওপর আক্রমণ-অপপ্রচার, কওমি মাদ্রাসার ‘অন্যায্য মর্যাদা দান’সহ উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাছে আত্মসমপর্ণ ও সাম্প্রদায়িক নীতি প্রতিরোধে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক রণজিৎ কুমার দে বলেন, “কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে স্বীকৃতি দেওয়ার অধিকার প্রধানমন্ত্রী রাখেন না।

“দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কোনো বিষয়ে স্বীকৃতি দেওয়ার অধিকার রাখে মঞ্জুরি কমিশন। কওমিকে সনদ স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার ক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন।”

সাম্প্রতিক সময়ে পাঠ্যপুস্তক থেকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়বস্তুর পরিবর্তনসহ ভাস্কর্য অপসারণ ও কওমির দাওরায়ে হাদিসকে স্বীকৃতি দিয়ে সরকার সমাজকে পেছনের দিকে নিয়ে যেতে চাচ্ছে বলে অভিযোগ বক্তাদের।

বৈঠক থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামনের দিনের যুদ্ধ আরও জটিল হবে আশঙ্কা প্রকাশ করে প্রতিরোধের জন্য শুভ বোধ সম্পন্ন মানুষদের আরও বেশি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বলেন, “বর্তমান সময়ে যারা ধর্ম নিয়ে কথা বলেন, তাদের অধিকাংশেরই তা নিয়ে সম্যক জ্ঞান নেই। সঠিক জ্ঞান থাকলে সর্বক্ষেত্রে সাম্প্রদায়িকীকরণ হতো না।

“দেশের দর্শনগত অনেক পরিবর্তন হয়েছে। মুক্তিযুদ্ধে অসাম্প্রদায়িক চেতনার যে রাষ্ট্র গড়তে চেয়েছি, তার থেকে অনেক দূরে আমরা চলে যাচ্ছি।”

বৈঠকে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিকনেতা মৃণাল চৌধুরী বামপন্থি রাজনীতি ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা কমে যাওয়ার বিষয় টেনে নিজেদের আত্মসমালোচনা করেন।

তিনি বলেন, “নিজেদের ব্যর্থতার জায়গাটা বেশি। তা পরিষ্কার করতে হবে। আমরা সংখ্যাই কমছি। কিন্তু নিজেদের শক্তিতে দাঁড়াতে পারলে, সমাজের মানুষকে সাথে নিয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”

বৈঠকে কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, “একাত্তরে সাম্প্রদায়িকতার যে বীজ ছিল তা পুরোপুরিভাবে উপড়ে ফেলা যায়নি। সে শক্তিই বারে বারে আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার ওপর হামলে পড়ছে। এ ধরনের লড়াইয়ে সমাজের অগ্রসর ও প্রগতিশীল অংশকে অতীতের চেয়ে আরও বেশি বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।”

চট্টগ্রাম জেলা উদীচীর সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণির পেশাজীবী নেতারা বক্তব্য রাখেন।

উদীচীর সহ-সভাপতি চন্দন দাশের সঞ্চালনায় এ গোলটেবিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অমল নাথ, বাকবিশিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আবৃত্তিকার রণজিৎ রক্ষিত, সিপিবি চট্টগ্রামের সাধরাণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরী, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, যুব ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, উদীচী জেলা সাধারণ সম্পাদক শীলা দাশ গুপ্তা।