চট্টগ্রামে ‘থাইরোকেয়ারের’ হোম ডেলিভারি সেবা
গ্রাহকদের দোরগোড়ায় রোগ নির্ণয় সেবা পৌঁছে দিতে চট্টগ্রামে প্রথমবারের মত হোম ডেলিভারি সার্ভিস চালু করেছে আন্তর্জাতিক চেইন ডায়াগনস্টিক ল্যাবরেটরি ‘থাইরোকেয়ার’।
বুধবার নগরীর সিনিয়র্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ সেবা চালুর কথা জানান থাইরোকেয়ারের কনসালটেন্ট হাবিব সাদাত চৌধুরী।
তিনি জানান, সেবা দিতে নগরীর নাসিরাবাদে থাইরোকেয়ারের একটি হোম কালেকশন বুথ স্থাপন করা হয়েছে।
মূলত এ বুথের কর্মীরা গ্রাহকের ঘরে গিয়ে নির্দিষ্ট পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে। পরে ঢাকায় প্রতিষ্ঠানটির ল্যাবরেটরি থেকে রোগ নির্ণয়ের ফলাফল ই-মেইলে বা গ্রাহকের ঘরে পৌঁছে দেবে থাইরোকেয়ার।
‘হোম ডেলিভারির’ এ সুবিধা ৩০০ টাকার বিনিময়ে পাওয়া যাবে। দুদিনের মধ্যে ফলাফল পাবেন গ্রাহকরা।
হাবিব সাদাত বলেন, ১৯৯৬ সালে ভারতের মুম্বাই শহরে যাত্রা শুরু করে থাইরোকেয়ার। বর্তমানে প্রতিষ্ঠানটি ২০টি দেশে সেবা দিচ্ছে।
“এখন থেকে চট্টগ্রামবাসীদেরও আমরা সাশ্রয়ী মূল্যে এ সেবা দেব। দেশের ৪৩টি জেলায় এ সেবা প্রদান করে আসছে থাইরোকেয়ার।”
থাইরোকেয়ারের ল্যাবরেটরি যুক্তরাষ্ট্রের কলেজ অব প্যাথোলজিস্ট থেকে স্বীকৃত বলে জানানো হয়েছে।
কয়েকটি ‘হেলথ স্ক্রিনিং’ প্যাকেজও চালু করেছে প্রতিষ্ঠানটি।
এসব প্যাকেজে সর্বোচ্চ ৫২ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রয়োজনীয় সেবা পেতে ০১৭৬৪৪০৩৯৫৯ এবং ০৯৬৬৬৭৩৭৩৭৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে থাইরোকেয়ার।
অন্যদের মধ্যে থাইরোকেয়ার বাংলাদেশের হেড অব সেলস মাসুদ আহমদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
