২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী আইনজীবীকে মারধরকারীর দ্রুত বিচার দাবি

চট্টগ্রাম আদালত ভবন এলাকায় এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন আইনজীবীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 10:28 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

মঙ্গলবার দুপুরে আদালত ভবনের শহীদ মিনার প্রাঙ্গনে সার্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ল’ অ্যালামনাই এসোসিয়েশনের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়।

হামলাকারীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইনজীবীরা।

এসোসিয়েশনের সভাপতি রাশেদুল আলম রাশেদ বলেন, আদালত এলাকায় একজন নারীকে কটূক্তি করা এবং তাকে মারধর করার মতো ঘটনা নজিরবিহীন।

“এ ঘটনায় জড়িত ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। আমরা চাই তার দ্রুত বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

অ্যাডভোকেট আরিফুর রহমানের সঞ্চালনায় এবং মো. শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা পিপি আবুল হাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তার, সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ ও ইফতেখার সাইমুল চেওধুরী, সাবেক সভাপতি মো. কফিল উদ্দিন, বর্তমান সভাপতি রতন কুমার রায় ও সাধারণ সম্পাদক আবু হানিফ।

গত বুধবার বিকালে শিক্ষানবিশ আইনজীবী পারভিন আক্তার পাপিয়া আদালত ভবন এলাকায় রেজিস্ট্রি ভবনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় এস এম সোলায়মান নামের এক যুবকের সাথে ধাক্কা লাগে। এসময় পাপিয়া প্রতিবাদ করায় সোলায়মান তাকে ‘অশালীন’ কথা বলেন এবং মারধর করেন। এতে পাপিয়া আহত হন।

ঘটনার পরই পথচারী ও আইনজীবীরা সোলায়মানকে আটক করে আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে যায় এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় পাপিয়ার স্বামী সিরাজুল ইসলামের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সোলায়মান।

পুরনো খবর:

চট্টগ্রামে নারী আইনজীবীকে মারধর, যুবক আটক