রোজায় পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার আহ্বান মহিউদ্দিনের
আসছে রমজানে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে আমদানি ব্যয় খতিয়ে দেখে মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে ‘চিরুনি অভিযান’ চালাতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর লালদিঘী মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম শাখার আয়োজনে এক সমাবেশে অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে একই মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, “সামনে রোজা। সবকিছু স্বাভাবিক, তবুও (ভোগ্যপণ্যের) দাম বাড়ানোর চক্রান্ত চলছে বলে শুনতে পাচ্ছি।”
দাম বাড়লে জনগণ হতাশ হয়ে পড়বে মন্তব্য করে তিনি বলেন, “আমদানি ব্যয় কত, সেটা খতিয়ে দেখে পণ্যের দাম নির্ধারণ করে দিতে হবে। দোকানে দোকানে মূল্য তালিকা করে দিতে হবে।
“তেল, ছোলা ও চিনির দাম নির্ধারণ করে দিতে হবে, যাতে কেউ অবৈধ মুনাফা করতে না পারে। মজুদদারি যাতে করতে না পারে, সেজন্য সরকারকে প্রয়োজনে খাতুনগঞ্জে চিরুনি অভিযান চালাতে হবে।”
চট্টগ্রাম বন্দরকে দেশের সম্পদ মন্তব্য করে সাবেক মেয়র মহিউদ্দিন বলেন, “বন্দর নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বন্দরকে অলাভজনক করার অপচেষ্টা হচ্ছে।”
অনেকে ‘ব্যক্তিগতভাবে উপকৃত’ হওয়ার জন্য বন্দরকে অলাভজনক করার অপচেষ্টা করছে বলে অভিযোগ এ আওয়ামী লীগ নেতার।
চট্টগ্রামের কলকারখানা ‘অযোগ্য ও অথর্ব’ মানুষের হাতে পড়েছে অভিযোগ করে তিনি বলেন, “আমাদের আমিন জুট মিল, যেখানে আগে প্রতিদিন ৬০ টন পাট তৈরি হত, সেখানে উৎপাদন মাত্র ১৮ টনে নেমে আসে।
“আমাদের তৎপরতার কারণে সে উৎপাদন এখন ৩০ টনে গিয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ কলকারখানার দায়িত্ব যোগ্য মানুষের হাতে দিতে হবে, যাতে কলকারখানা বন্ধ হয়ে শ্রমিকদের বেকার হয়ে যেতে না হয়।”
চট্টগ্রাম নগরীর অনেক আদি বাসিন্দা আর্থিকভাবে স্বাবলম্বী নয় জানিয়ে তাদের ওপর গৃহকরের বোঝা না চাপাতে উপস্থিত সিটি মেয়রকে অনুরোধ করেন সাবেক মেয়র মহিউদ্দিন।
“শহরের গরীব আদি বাসিন্দাদের উপর গৃহকরের বোঝা চাপালে তারা শহর ছেড়ে চলে যাবে। যাদের জমিজমা কম, তাদের ট্যাক্স যেন মওকুফ করা হয়। আমি আর নাছির, সেটা ঐক্যবদ্ধভাবে আলোচনা করব।”
বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, “হেরে যাওয়ার আভাস পাচ্ছেন বলেই কি নির্বাচনে না আসার অজুহাত তৈরি করছেন?
বিএনপি নির্বাচনে আসবে এমন আশা ব্যক্ত করে মহিউদ্দিন বলেন, “নির্বাচনে আসেন, জনগণ আপনাদের রায় দিলে আমরা ক্ষমতা ছেড়ে দিব।”
ইয়াবার সর্বনাশা কুফল থেকে সমাজ ও পরিবারকে রক্ষা করতে পুলিশকে আরও জোরালে ভূমিকার রাখার আহ্বান জানান তিনি।
শ্রমিকদের উদ্দেশে মহিউদ্দিন বলেন, “মে দিবসে ছুটি পেয়ে বাড়িতে চলে গেলে কিভাবে অধিকার আদায় হবে? বিভিন্ন কারণে শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে।”
চট্টগ্রাম শহরে প্রতি সপ্তাহে দুই দিন যাতে হকাররা বসতে পারে সেজন্য ব্যবস্থা নিতে মেয়র নাছিরকে অনুরোধ জানান মহিউদ্দিন চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, “ছাত্র রাজনীতি সম্পন্ন করে প্রত্যক্ষভাবে শ্রমিক রাজনীতি করেছেন মহিউদ্দিন চৌধুরী। আমার সে সুযোগ হয় নাই।”
তবুও শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে থাকবেন জানিয়ে নাছির বলেন, “আপনাদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে আমি আপনাদের পাশে থাকব।”
দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে মেয়র নাছির বলেন, “আপনারা ঐক্যবদ্ধ থাকলে সরকারও আপনাদের ন্যায্য দাবি মেনে নেবে।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “প্রধানমন্ত্রীও শ্রমিকবান্ধব। ন্যূনতম মজুরির আন্দোলনের সময় প্রধানমন্ত্রী গার্মেন্ট মালিকদের ডেকে শ্রমিকদের ন্যায্য দাবি শুনতে বাধ্য করেছিলেন।”
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী ও চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক এটলি।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইফুল ও মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলির সদস্য চন্দন ধর।
