সরকার শ্রমিকবান্ধব নয়: খোকন
বর্তমান সরকার শ্রমিকবান্ধব নয় জানিয়ে সরকার হটাতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার অঅহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।
সোমবার নগরীর নসিমন ভবনের দলীয় কার্যালয় চত্বরে মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঅহ্বান জানান।
তিনি বলেন, দেশে আওয়ামী লীগের দুঃশাসন চলছে। ক্ষমতাকে কুক্ষিগত করতে দেশের স্বার্থ বিকিয়ে দিতে কুণ্ঠাবোধ করছে না আওয়ামী লীগ।
“খালেদা জিয়ার কথা শুনলেই আওয়ামী লীগ চমকে উঠে। আওয়ামী লীগের কাজ হচ্ছে খালেদা জিয়ার গিবত করা। এই সরকার শ্রমিকবান্ধব নয়। বাকশালীদের বিতাড়িত করতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, এক দেশে দুই আইন চলতে পারে না। সরকারি দলের জন্য একরকম, আর বিরোধী দলের জন্য নির্যাতন।
সভার প্রধান বক্তা নগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন বলেন, এই সরকার বরাবরই শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তাদের স্বার্থ রক্ষায় কোনো কাজ করেনি।
“শ্রমিকদের সর্বনিম্ন বেতন সাড়ে চার হাজার টাকা করা হলেও তা বাস্তবায়িত হচ্ছে না।”
শ্রমিকদের জন্য আলাদা কলোনি করার দাবি জানিয়ে শাহাদাত বলেন, শ্রমিক বিদ্বেষী এই সরকারকে হটাতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুস সাত্তার, মোশাররফ হোসেন দীপ্তি, মনোয়ারা বেগম মনি, ফাতেমা বাদশা, শ্রমিক দল নেতা স ম জামাল, শামসুল আলম, কামাল পাশা প্রমুখ।
