চট্টগ্রামে যুব বিদ্রোহের ৮৭তম বার্ষিকী পালন
‘ধর্মের মতো স্পর্শকাতর বিষয়কে’ পুঁজি করে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী তাদের এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে পর্যবেক্ষণ দিয়ে এ ব্যাপারে দীর্ঘমেয়াদী লড়াইয়ে সচেতন ও প্রগতিশীল মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসেছে চট্টগ্রামের এক অনুষ্ঠান থেকে।
ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহের ৮৭তম বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর ডিসি হিল মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখা।
আলোচনা পর্বে কবি সাংবাদিক আবুল মোমেন বলেন, “ধর্মান্ধ শক্তির সাথে আঁতাত ও সুবিধাবাদের রাজনীতি থেকে বের হতে না পারলে বাঙালির প্রকৃত আদর্শ, স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যাবে।
“যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলছে, তাদের অনেকেই ধর্মান্ধ শক্তির সাথে আপোষ করছে।”
তিনি বলেন, “ধর্মান্ধ শক্তি ধর্মের মতো স্পর্শকাতর বিষয়কে সামনে রেখে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে সাহসী ও কৌশলি লড়াইয়ে নামতে হবে। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহের বিপ্লবীরা মুক্তির লড়াইয়ের পথ দেখিয়েছে সে আদর্শের সাথে সেতুবন্ধ তৈরি করতে হবে।”
বর্তমানে সমাজের পরিবর্তনকে আশঙ্কার আখ্যায়িত করে আবুল মোমেন বলেন, “যে কারণে আমরা একাত্তরে ধর্মান্ধ পাকিস্তানকে প্রত্যাখান করে অসাম্প্রদায়িক সমাজের জন্য নতুন বাংলাদেশ গঠন করেছিলাম, আজকে ক্ষমতার জন্য নির্বাচনে জয়ী হতে সে ধর্মান্ধ শক্তির সাথে আঁতাত করা হচ্ছে।
“বাংলাদেশের অভ্যুদয়সহ সকল অর্জনের আন্দোলনে বামপন্থিদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ও ভূমিকা রয়েছে। কিন্তু পরবর্তী সময়ে বামপন্থিদের আন্দোলনের সকল সুফল আওয়ামী লীগের ঘরে গেছে।”
আবুল মোমেন এজন্য সংগ্রামের লড়াইকে আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, “সুফল অন্যে নিয়ে গেলেও মানুষের সংগ্রামের লড়াই থেকে বিরত থাকা যাবে না। মানুষের মধ্যে যাতে হতাশা না থাকে, বিভ্রান্তি না থাকে পাশাপাশি নিজেদের আন্দোলনের সুফল যাতে ধরে রাখা যায়, তা ভেবে কাজ করতে হবে।”
উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর আস্ফালনের কথা তুলে ধরে তিনি বলেন, “হেফাজতে ইসলাম, যারা কোরআন শরিফ পুড়িয়েছিল, তাণ্ডব চালিয়েছিল, নারীদের পণ্যের সাথে তুলনা করে বক্তব্য দিয়েছিল, সেই তেঁতুল হুজুরের কাছে অবনত হয়ে সরকার তাদের দাবি পূরণ করছে।”
যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ, যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজেদুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক শিশির চক্রবর্তী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার ও সহ সাধারণ সম্পাদক প্রীতম দাশ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী, রক্ত করবী, প্রমা আবৃত্তি সংগঠন। একক সংগীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী কফিল আহমেদ।
