চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবক খুন
চট্টগ্রামের আগ্রাবাদে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরি মেরে খুন করা হয়েছে।
সোমবার সকালে ডবলমুরিং থানার আগ্রাবাদ মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সাদ্দাম হোসেন (২৬) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খুরশীদ আলমের ছেলে। নগরীর মৌলভী পাড়া এলাকায় পরিবারের সাথে থাকেতন তিনি।
ডবলমুরিং থানার এসআই নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাদ্দাম সকাল সোয়া ৬টার দিকে বাসা থেকে বের হন। সাউথল্যান্ড সেন্টার নামে স্থানীয় একটি বিপণি বিতানের পেছনে তাকে ছুরি মেরে পালিয়ে যায় হামলাকারীরা।
সাদ্দামের বুক, পেট ও হাতে ছুরিকাঘাত করা হয়েছিল জানিয়ে নূর ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয়।
নিহতের বোনের স্বামী মো. মাসুম জানান, সাদ্দাম নগরীর একটি কসাইয়ের দোকানে কাজ করতেন। সকালে মোবাইলে ফোন পেয়ে সে বাসা থেকে বের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে মাসুম বলেন, হামলাকারীরা সংখ্যায় তিন থেকে চারজন ছিল বলে প্রত্যক্ষদর্শীদের কাছে তিনি জানতে পেরেছেন।
