মাদকের মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড
১১০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় নয় বছর আগের মামলায় এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. জাফর রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকার বাসিন্দা। তিনি পলাতক আছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের সাজা দিয়েছেন।”
২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর নগরীর বন্দর থানার মুন্সিপাড়া এলাকায় জাফরের ভাড়া বাসা থেকে ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল আনার অভিযোগে জাফরের বিরুদ্ধে পুলিশ মামলা করে। মামলায় ২০০৯ সালের ১ এপ্রিল জাফরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
রাষ্ট্রপক্ষের সাতজনের সাক্ষ্য নিয়েছে আদালত।
