চট্টগ্রামে সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়ন সদস্যদের বিক্ষোভ
এক নেতার লাইসেন্স স্থগিত করার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করে।
ইউনিয়নের সভাপতি খায়রুল বাশার মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সংগঠনের শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মনজুরুল আলম ভুইয়ার কাস্টমস লাইসেন্স অন্যায়ভাবে স্থগিত করে ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শোকজ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
“এর প্রতিবাদে আমরা সমাবেশ এবং সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে দেখা করে তা প্রত্যাহার করতে দাবি জানিয়েছি।’’
সমাবেশ থেকে অবিলম্বে লাইসেন্সে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি করা হয়েছে জানিয়ে খায়রুল বাশার বলেন, “দাবি পূরণ না হলে সিঅ্যান্ডএফ কর্মচারীরা আগামীতে কাস্টমসের ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) কাজে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি দেবে।
“স্থগিতাদেশ প্রত্যাহারে সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের নেতারা কাস্মটমস কর্তৃপক্সের সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।”
