ছাত্রলীগনেতাকে কোপানোর প্রতিবাদে গাড়ি-দোকান ভাংচুর
চট্টগ্রামের আনোয়ারায় এক নেতাকে কুপিয়ে আহত করার পর সড়ক রাস্তায় নেমে গাড়ি ও দোকান ভাংচুর করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে সাত-আটজন দুর্বৃত্ত ছুরি মারে আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও তার এক সহযোগীকে।
এর জের ধরে বিক্ষুব্ধ ছাত্রলীগকর্মীরা যানবাহন ও দোকান ভাংচুর করে বলে জানান আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ছাত্রলীগনেতা নজরুল তার সহযোগী শুভ দত্তকে সঙ্গে নিয়ে কলেজ থেকে উপজেলার ডুমুরিয়ায় বাড়িতে যাওয়ার হামলার শিকার হন।
“এ সংবাদ ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ ছাত্রলীগকর্মীরা উপজেলা সদর, জয়কালী হাট বাজারসহ আনোয়ারা-পিএবি সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা দুটি বাস ও চার-পাঁচটি সিএনজি অটো রিকশার কাচ এবং দোকান ভাংচুর করে।”
আনোয়ারা কলেজ ছাত্রলীগের স্নাতক শাখার যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম জানান, মুখোশ পড়ে আসা সাত-আটজন দুর্বৃত্ত নজরুলকে বহনকারী মোটর সাইকেল লাথি মেরে ফেলে দেয় দুজনকে এলাপাতাড়ি কোপায়।
আহত নজরুল ও শুভকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
