২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতা হত্যার প্রতিবাদে চট্টগ্রামে হরতালে মাঠে নেই ছাত্রদল

ছাত্রদলনেতা নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে সংগঠনটির ডাকা আধাবেলা হরতালে চট্টগ্রামে তেমন সাড়া নেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 11:23 AM

Updated : 11 Oct 2022, 01:42 PM

রোববার সকাল থেকে নগরীর কোথাও হরতালের সমর্থনে কোনো মিছিল-সমাবেশ বা রাজপথে কোনো ধরণের তৎপরতা চোখে পড়েনি। 

নগরীর নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ের ভেতরে ছাত্রদলের কিছু নেতাকর্মীকে দেখা গেলেও বাইরে ব্যাপকসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।

হরতালেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও কাজকর্ম চলছে স্বাভাবিকভাবে; এইচএসসি পরীক্ষার শুরুর দিন হওয়ায় বিভিন্ন স্থানে দেখা গেছে যানজটও।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালে তেমন কোনো সাড়া নেই। যানচলাচলও স্বাভাবিক রয়েছে।”

রাউজান উপজেলার বাগোয়ান এলাকায় কর্ণফুলী নদীর পাড় থেকে বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সম্পদক নুরুল আলম নুরুর লাশ উদ্ধার করে পুলিশ।

তাকে বুধবার রাত ১২টার দিকে নগরীর চন্দনপুরার বাসা থেকে তাকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয় বলে স্বজনদের অভিযোগ।

নেতা হত্যার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে আধাবেলা হরতাল আহবান করে ছাত্রদল, যাতে বিএনপিও সমর্থন জানিয়েছে।