জঙ্গি দমনে পুলিশের ভূমিকার প্রশংসায় অনুপম সেন
পশ্চিমা দেশগুলোর সঙ্গে তুলনা করে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন সমাজবিজ্ঞানী অনুপম সেন।
তিনি বলেছেন, “ফ্রান্সের দিকে তাকান, অন্যান্য দেশের দিকে তাকান। সেখানে তো অত্যন্ত প্রশিক্ষিত পুলিশ রয়েছে। তারপরও তো তারা পারছে না। একজন যদি মনে করে, জীবনটাই দিয়ে দেব, সুইসাইড করব, তাকে আটকানো খুব কঠিন।
“আমাদের পুলিশ খবর নিয়ে, নানা কিছু নিয়ে, নানাভাবে কন্ট্রোলে আনার চেষ্টা করছে। জঙ্গি দমনে পুলিশ বাহিনী বিরাট কাজ করছে।”
বুধবার চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে জেলা ও নগর পুলিশ আয়োজিত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এই অধ্যাপক।
তিনি বলেন, “আমাদের পুলিশ প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- আমরা জঙ্গি নির্মূল করতে পারিনি, কিন্তু জঙ্গি তৎপরতা আমরা কন্ট্রোল করেছি। এটা তো সত্য। বিশ্বের বহু দেশ সেটি করতে পারছে না।”
অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা: শফিকুল ইসলাম বলেন, যারা ২০১৩০১৪ সালে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করেছিল তারা এখনও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
“জঙ্গিরা নিজ বাসায় থেকে জঙ্গি তৎপরতা চালায় না। তাই তারা হিজরত করে দূরবর্তী জায়গায় এসে বাসা ভাড়া নেয়। জঙ্গিরা বাসা ভাড়া নিলে দিনের বেলা কেউ বের হয় না। এমন ভাড়াটিয়া থাকলে পুলিশকে জানাতে হবে।”
জঙ্গি দমন অভিযানে পুলিশ সদস্যদের মারা পড়ার দিকে ইঙ্গিত করে অনুপম সেন বলেন, “ঢাকার হলি আর্টিজানে জঙ্গি হামলা চলাকালে যিনি প্রথম প্রাণ দিয়েছেন তিনি একজন পুলিশ। সিলেটে প্রাণ দিল পুলিশ। সারাদেশে জঙ্গিদমনসহ প্রতিটি ক্ষেত্রে জীবন দিচ্ছে পুলিশ। সুতরাং তাদের শ্রদ্ধা ও ধন্যবাদ জানানো একান্ত কর্তব্য।”
মুক্তিযুদ্ধে চট্টগ্রামের পুলিশ সদস্যদের আত্মদানের ইতিহাস তুলে ধরে এই সমাজবিজ্ঞানী বলেন, মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। ৮১ জন পুলিশ যুদ্ধে শহীদ হন।
“কোতোয়ালি থানার ওসি খালেদ সাহেবকে জিপের পেছনে বেঁধে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। তার হাড়গোড় ছিল, তিনি জীবিত ছিলেন না। নির্মমভাবে তাকে হত্যা করা হয়। আমি নিজে দেখেছি।”
অনুষ্ঠানে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেন, মুক্তিযুদ্ধ শুরুর সময় পূর্ব পাকিস্তান পুলিশের ৩৩ হাজার ৯৯৫ জন সদস্যের মধ্যে ১৪ হাজার পাকিস্তান সরকারের আনুগত্য ত্যাগ করেন। তাদের অধিকাংশই যুদ্ধে অংশ নিয়েছিলেন।
“এক হাজার ১৫০ জন মুক্তিযোদ্ধা আত্মাহুতি দেন। কিন্তু মুক্তিযোদ্ধা পুলিশের সংখ্যা মাত্র ৩ হাজার ১০০ জন। অধিকাংশ পুলিশ সদস্যের যেহেতু প্রশিক্ষণ প্রয়োজন ছিল না তাই তারা হয়ত ক্যাম্পে যাননি, হয়ত তাদের রেজিস্ট্রেশন হয়নি।”
নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মো. ফারুক আহমদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার দেবদূত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মাননা কমিটির সদস্য সচিব চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।
অনুষ্ঠানে ৭৬ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের নিয়ে স্মারকগ্রন্থ ‘ভাস্বর’ এর মোড় উন্মোচন করা হয় অনুষ্ঠানে।
