২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভারি বর্ষণের ভোগান্তি

সাগরে দুই লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে ভারি বর্ষণ হয়েছে; এতে কাদা আর সড়কে জমা পানিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 08:29 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

তবে আবহাওয়া অধিদপ্তর রোববারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, যাতে রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

আগের দিন বিকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রাতে বর্ষণে রূপ নেওয়ার পর শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পড়তে থাকে; বেলা ৩টা থেকে শুরু হয় ভারি বর্ষণ।

উত্তর বঙ্গোপসাগরে দুদিন আগে থেকেই অবস্থান করছে একটি লঘুচাপের বর্ধিতাংশ। আর শনিবার তার সঙ্গে যোগ হয়েছে আরেকটি পশ্চিমা লঘুচাপ।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের হিসাব মতে, শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ২৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলার মধ্যে সন্দ্বীপ উপজেলায় সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আর কক্সবাজার জেলার কুতুবদিয়ায় সারাদেশের মধ্যে সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে অধিদপ্তর জানায়।

আবহাওয়া অধিদপ্তরের হিসেবে, দৈনিক ২২ থেকে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হলেই ভারি বৃষ্টিপাত বলে গণ্য করা হয়।

শনিবার সকাল থেকে বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীর অফিস-আদালত ও বিদ্যালয়গামীরা ভোগান্তিতে পড়েন।

নগরীর আগ্রাবাদ এক্সেস সড়ক, বহদ্দারহাট, কুয়াইশ সড়ক, কাপ্তাই রাস্তার মাথা থেকে কালুরঘাট সেতু, ওয়াসার মোড়, লালখান বাজার, কদমতলীসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের খোড়াখুড়ির কারণে জমে থাকা ধুলোবালি বৃষ্টিতে পরিণত হয় কাদায়।

সেই কাদা ডিঙিয়ে চলাচল করতে হয়েছে নগরবাসী।

দুপুরে এনায়েত বাজার মোড় থেকে নন্দনকাননমুখী সড়কে পানি জমে থাকতে দেখা যায়।

এছাড়া বিকালে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের মূল ফটক সংলগ্ন সড়কেও পানি জমে থাকতে দেখা গেছে।

অফিস ফেরত মানুষজন বিকালেও বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন।

নেভাল এভিনিউ সড়ক ধরে সন্ধ্যায় অফিস ফেরত গার্মেন্টস কর্মী জলি আক্তার বলেন, সকালে যখন বের হই, তখন বৃষ্টি ছিল না। তাই ছাতা সঙ্গে আনিনি। এখন ভিজে ফিরতে হচ্ছে।

শনিবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

এ কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা বিজন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সঞ্চালনশীল মেঘমালার উপস্থিতির কারণে রোববারও বৃষ্টিপাত হতে পারে।

এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত লঘুচাপটির কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে বলে শুক্রবারের আরেক পূর্বাভাসে জানানো হয়েছিল।

এজন্য ওই সর্তক বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়।