২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বই পড়ে পুরস্কৃত ৬৩১৩ শিক্ষার্থী

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে বছরজুড়ে বই পড়ে পুরস্কার পেয়েছে চট্টগ্রামের ছয় হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 10:36 PM

Updated : 19 Aug 2022, 03:59 PM

শুক্রবার নগরীর সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুদিনের এ অনুষ্ঠান উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বছরজুড়ে বই পড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম নগরীর ৮১টি স্কুলের প্রায় ১৭ হাজার শিক্ষার্থী অংশ নিলেও ছয় হাজার ৩১৩ জন শিক্ষার্থী পুরস্কার পাচ্ছে।

আর এই উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে রয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

উদ্বোধনী অনুষ্ঠানে আ জ ম নাছির বলেন, “আমাদের অন্তর্লোকের স্বচ্ছ ধারণা পেতে বই পড়ার বিকল্প কিছু নেই। বই পড়া মানুষ কখনো অন্যের ক্ষতি করে না, কারণ তার মানবিক বোধ থাকে প্রখর।”

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বই না পড়লে মানুষের ভেতর যে সম্ভাবনাময় অসীম সত্তা আছে সেটার স্ফুরণ ঘটে না।

“আলাদীনের চেরাগের ভেতর দৈত্য থাকে সুপ্ত অবস্থায়, সোনার আংটি দিয়ে ঘষা দিলেই দৈত্য হাজির হয় মনিবের সামনে। তোমাদের প্রত্যেকের মধ্যে আলাদীনের চেরাগের ভেতর থাকা দৈত্যের মত অসীম ক্ষমতাসম্পন্ন একটা মানুষ আছে।”

শিক্ষার্থীদের বই পড়া, গান শোনা, ছবি আঁকা, চাঁদের আলোর দিকে অপলক তাকানো এবং পূর্ণিমার চাঁদ ও নদীকে ভালোবাসার মত মনন গড়ে তোলার উপর গুরুত্ব দেন আবদুল্লাহ আবু সায়ীদ।

সাংবাদিক ও কবি আবুল মোমেন বলেন, শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে জিপিএ-৫ এর মোহ থেকে অভিভাবকদের মুক্ত হতে হবে।

“সকাল-সন্ধ্যা কোচিং আর পরীক্ষা দিতে হয় আমাদের শিক্ষার্থীদের। তারা আজ শিক্ষার্থী থেকে পরিণত হয়েছে পরীক্ষার্থীতে। শিক্ষার্থীরা তাই পঞ্চম শ্রেণির পড়া ষষ্ঠ শ্রেণিতে উঠেই ভুলে যাচ্ছে।এ ভুলে যাওয়া প্রমাণ করে তারা শিক্ষাটাকে ধারণ করছে না।

“শিক্ষাটাকে ধারণ করতে একটা আধার লাগে। রবীন্দ্রনাথ বলেছিলেন, সে আধার হল সংস্কৃতি। তাই খেলাধুলা, বই পড়া, গান ও ছবি আঁকা এভাবে একজন শিক্ষার্থী বেড়ে উঠলে জীবনের প্রয়োজনে সে সবকিছুকে ধারণ করতে শিখবে।”

এ পর্যন্ত সারা দেশে ২৩ লাখ শিক্ষার্থী বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে নাম লিখিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অন্যদের মধ্যে সাংবাদিক ও লেখক আনিসুল হক, গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের প্রধান শাওন আজাদ, সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজিয়া আক্তার ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ অনুষ্ঠানে অংশ নেন।