চট্টগ্রামে দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার ব্যস্ত মোড়ে দিনেদুপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে এক লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে আন্দরকিল্লার ব্যস্ত মোড়ে এ ঘটনায় আহত হামিদুল হক চৌধুরী (৫০) একজন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী। হামিদুল নগরীর চকবাজার থানার জয়নগর এলাকার বাসিন্দা।
হামিদুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা আবদুর রহিম বলেন, “আন্দরকিল্লা ইসলামী ব্যাংকের শাখা থেকে টাকা তুলে মোড়ে আসলে কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা টাকার থলে নিয়ে পালিয়ে যায়।
“আহত হামিদুলকে আরও কয়েকজন মিলে উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি।”
আহত হামিদুলের বরাত রহিম বলেন, “তার থলেতে এক লাখ ২০ হাজার টাকা ছিল বলে তিনি জানিয়েছেন।”
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে ছুরির আঘাতে আহত হামিদুল হককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি দিয়েছেন।”
