অভিযোগপত্র থেকে বাদের ৯ মাস পর খুনের আসামি গ্রেপ্তার
নাম-ঠিকানা খুঁজে না পাওয়ায় অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার নয় মাস পর খুনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মো. সোহেল (২৪) নামের ওই আসামিকে গ্রেপ্তার করে।
সোহেল নগরীর আকবর শাহ থানার কালীবাড়ি এলাকার মো. ইউনুছের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
২০১৪ সালের ৯ নভেম্বর শাপলা আবাসিক এলাকায় মো. ইকবাল হোসেন ওরফে আকাশ নামের এক পোশাক শ্রমিককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।
ওই খুনের ঘটনায় আগে গ্রেপ্তার তিনজন আসামি সোহেলের সম্পৃক্ততার কথা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল।
পিবিআই চট্টগ্রামের পরিদর্শক কাজী এনায়েত কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আকাশ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শুরুতে মামলা হয়েছিল।
“স্থানীয় মেহেদী নামের এক যুবক তার বান্ধবীকে নিয়ে ঘোরার সময় নিহত আকাশ তাদের অপমান করেছিল। একারণে মেহেদী তার বন্ধুদের নিয়ে শাপলা আবাসিক এলাকার ভেতরে পিটিয়ে ও ছুরি মেরে আকাশকে হত্যা করেন।
“এ ঘটনায় নগরীর আকবর শাহ থানায় আকাশের ভাই মো. এজাজের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যাকান্ডে সোহেলসহ মোট ১০ জনের জড়িত থাকার কথা জানায়।”
পরিদর্শক কাজী এনায়েত কবির বলেন, সোহেলসহ তিনজনের ঠিকানা না পাওয়ায় পুলিশ তাদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করে অন্য সাতজনের নামে গত বছরের ২১ জুন অভিযোগপত্র জমা দেয়।
আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে এ মামলায় অধিকতর তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেয়। এরপর মাঠে নামেন তারা।
পিবিআই কর্মকর্তা এনায়েত বলেন, কৌশলে সোহেলকে সিটি গেটে ডেকে এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন অভিযোগপত্রে অব্যাহতি পাওয়া বাকি দুইজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
