সঠিক সময়ে গণজাগরণ: নোমান
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান বলেছেন, সঠিক সময়ে গণজাগরণ তৈরি করে গণতন্ত্র ও ভোটাধিকারকে পুনরুদ্ধার করা হবে।
রোববার চট্টগ্রাম নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে বিএনপির প্রয়াত সাবেক সিনিময় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিনের শোকসভায় একথা বলেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি নিয়ম রক্ষার কথা বলে শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করেছিলেন।
“এ ধরনের ভোটারবিহীন নির্বাচন আর হতে পারবে না। বিএনপি সঠিক সময়ে গণজাগরণের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করবে।”
বিএনপি নির্বাচনে না গেলে নিবন্ধন বাতিলের বক্তব্য দিয়ে আওয়ামী লীগের নেতারা জনগণের মধ্যে ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছেন বলে দাবি করেন তিনি।
এমন বক্তব্যকে পাত্তা না দিতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে নোমান বলেন, “বিএনপি কোনো নাম সর্বস্ব দল নয়, বিএনপি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল। এ দলের কোটি কোটি সমর্থক ও ভোটার রয়েছে, তাই নির্বাচন কমিশন এবং সরকার চাইলেই বিএনপির নিবন্ধন বাতিল করতে পারবে না।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
