বিভাজন চাই না: হাসিনা মহিউদ্দিন
বিরোধীদের পাল্টা কমিটি ঘোষণার দুই সপ্তাহের মাথায় কেন্দ্র অনুমোদিত চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, তিনি সংগঠনে কোনো বিভাজন চান না।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে কমিটি ঘোষণার পর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কোনো বিভাজন চাই না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই বলে তাদের (বিরোধী কমিটির) কাউকে কাউকে কমিটিতে রেখেছি।
“কারও প্রতি আমার কোনো বিদ্বেষ বা বিরোধ নেই। সংগঠনের মধ্যে ভিন্নমত থাকতেই পারে, সমঝোতার মাধ্যমে সেই ভিন্নমত দূর করা সম্ভব।”
‘বিভাজন’ না করার কথা হাসিনা বললেও পাল্টা কমিটির সভাপতি নমিতা আইচ এবং দুই সহ-সাধারণ সম্পাদক রেহানা বেগম রানু ও আঞ্জুমান আরা বেগমের ঠাঁই হয়নি কেন্দ্র অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে।
১৯৯৮ সালের পর গত ১৪ ফেব্রুয়ারি নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালে বাইরে বিক্ষোভ করে বিরোধী পক্ষ।
একপক্ষের বিরোধিতার মধ্যেই সেদিন নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪ জনের নাম ঘোষণা করা হয়।
এরপরদিনই সংবাদ সম্মেলন করে পাল্টা কমিটি ঘোষণা করেছিলেন হাসিনা মহিউদ্দিনের বিরোধীরা।
পাল্টা কমিটিতে সভাপতি করা হয় নমিতা আইচকে এবং সাধারণ সম্পাদক করা হয় রেখা আলম চৌধুরীকে। কাউন্সিলে ঘোষিত কমিটিতে রেখা আলম চৌধুরী যুগ্ম সম্পাদক (২) পদ পেয়েছিলেন।
বিরোধীদের অভিযোগ, নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা সংগঠনে নিজের কর্তৃত্ব নিরঙ্কুশ করছেন। কাউন্সিলে তাদের পক্ষের অনেককে ঢোকার সুযোগ দেওয়া হয়নি।
বুধবারের সংবাদ সম্মেলনে হাসিনা বলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন নেছা মোশারফ ও সাধারণ সম্পাদক পিনু খান পূর্ণাঙ্গকমিটি অনুমোদন দেন।
“সফল কাউন্সিলের পরও কমিটি ঘোষণার একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশনকে বাধাগ্রস্ত করতে আন্দোলন-সংগ্রামে রাজপথবিমুখ কয়েকজন বসন্তের কোকিল সংবাদ সম্মেলনের মাধ্যমে পাল্টা কমিটি ঘোষণা করেন।”
বিরোধীদের বিরুদ্ধে অরুচিকর, আপত্তিকর, মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে হাসিনা বলেন,“এসবের জবাব দিতে রুচিতে বাঁধে। আমি এর বিচারের ভার দলের সুশৃঙ্খল নেতাকর্মীদের উপর ছেড়ে দিলাম।”
ওয়ান-ইলেভেনের সময় নগর মহিলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেত্রী বিদেশে ‘অবকাশ জীবন’ কাটিয়েছেন বলে দাবি করেন মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী।
তিনি বলেন, “যারা পদ পাননি আশাকরি তারা পদে না থেকেও আমাকে সঙ্গ দেবেন। ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করবেন।”
বিরোধীরা আলাদা কমিটি ঘোষণার পরও তাদের কয়েকজনকে পদে রাখার বিষয়ে জানতে চাইলে হাসিনা বলেন, “আমরা কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে চাই। কোনো বিভাজন চাই না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ-সভাপতি মমতাজ খাঁন, সাধারণ সম্পাদক আনজুমান আরা আনজি, যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগম, খুরশিদা বেগম ও ফারজানা আফরোজ মুন্নি।
পদ পেয়েছেন যারা
নতুন কমিটির ছয় সহ-সভাপতি হলেন মমতাজ খাঁন, রওশন আরা ইউসুফ, নুরুন নাহার মোতালেব, রওশন আরা আমিন, হামিদা রশিদ ও তপসী সেনগুপ্ত। সহ-সভাপতির অন্য একটি পদ শূন্য আছে।
তিন যুগ্ম সম্পাদক হলেন- নিলু নাগ, রেখা আলম চৌধুরী ও মালেকা চৌধুরী।
পাঁচ সাংগঠনিক সম্পাদক হলেন- হোসনে আরা বেগম, খুরশিদা বেগম, ফারজানা আফরোজ মুন্নি, লায়লা হাসান চৌধুরী ও রহমতুন নেসা।
সম্পাদকমণ্ডলীর বাকি সদস্যরা হলেন- জেব-উন-নেসা চৌধুরী (প্রচার ও প্রকাশনা), হাসিনা আক্তার টুনু (দপ্তর), পূর্ণিমা চৌধুরী (শিক্ষা ও সংস্কৃতি), বিলকিস কলিমউল্লাহ (ত্রাণ ও সমাজ কল্যাণ), জেসমিন পারভিন জেসি (কৃষি ও সমবায়), লাইলা আক্তার এটলী (শ্রম), জাহানার বেগম (তথ্য ও গবেষণা), রোকসানা আক্তার (আইন), আফরোজা কালাম (কোষাধ্যক্ষ), শারমিন ফারুক (মা ও শিশু), আয়শা আলম (ধর্ম), জাহানারা মুস্তাফিজ (বন ও পরিবেশ) এবং নুর আরা বিউটি (শিল্প ও বাণিজ্য)।
এছাড়া ৪১ জন নির্বাহী সদস্যের মধ্যে ৩৯ জনের নাম ঘোষণা করা হয়েছে।
