চট্টগ্রামে অপহরণের দশ দিন পর শিশু উদ্ধার
চট্টগ্রামে অপহরণের ১০ দিন পর এক শিশুকে উদ্ধার করেছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রাজেশ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে হালিশহর খাদ্য গুদাম এলাকার একটি সরকারি বাসা থেকে মো. শরীফ হোসেন নামের ১০ বছর বয়সী ছেলেটিকে উদ্ধার করা হয়।
শরীফ নগরীর খুলশী থানার বাটালি হিল এলাকার শাহ আলমের ছেলে। সে পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- মো. আনোয়ার হোসেন (৩২) এবং তার দুই স্ত্রী বিথী আক্তার (২২) ও ফারজানা বেগম(২২)।
রাজেশ বড়ুয়া জানান, গত ১৯ ফেব্রুয়ারি আনোয়ার তার প্রতিবেশী শরীফকে কৌশলে ডেকে নিয়ে আটকে রাখে। পরে তার বাবা শাহ আলমের কাছ থেকে ২০ হাজার টাকা ‘মুক্তিপণ’ নেয়।
“অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার বাটালি হিল থেকে আনোয়ারকে আটক করা হয় । পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হালিশহর খাদ্য গুদামের কাছে একটি সরকারি বাসা থেকে শরীফকে উদ্ধার করা হয়।”
আব্দুল মতিন নামে গুদামের এক কর্মচারীর কাছ থেকে ওই বাসা ভাড়া নিয়ে ফারজানা থাকতেন। শিশুটিকে অপহরণের পর প্রথম তিনদিন হালিশহর রুঙ্গী পাড়ায় বিথীর বাসায় রাখেন তারা।
ছেলেটির বাবা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ ফেব্রুয়ারি শরীফকে অপহরণের পর তাকে ফোন করে ২০ হাজার টাকা বিকাশ করে পাঠাতে বলা হয়।
“তাদের কথা মত ২৩ ফেব্রুয়ারি টাকা পাঠানোর পর শরীফকে আমার বাসার পাশে রেখে যাওয়ার কথা ছিল। কিন্তু শরীফকে রেখে না গিয়ে তারা মোবাইল নম্বরটি বন্ধ করে রাখে।”
এ পরিস্থিতিতে ছেলের সন্ধান চেয়ে প্রথমে খুলশী থানায় এবং পরে র্যাব-৭ কার্যালয়ে অভিযোগ করেন শাহ আলম।
এরপর সোমবার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যোগাযোগ করে ছেলেকে তিনি ফিরে পান।
