২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প শুরু

চট্টগ্রামে যুব স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পঞ্চম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 02:19 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

মঙ্গলবার সকালে বন্দরনগরীর হালিশহরের সরকারি শারীরিক শিক্ষা কলেজে শুরু হলেও বুধবার আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এবারের ক্যাম্পের প্রতিপাদ্য হচ্ছে, ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষিত যুবশক্তি’।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের ৬৮টি ইউনিট থেকে ছেলেমেয়েরা আসা শুরু করেছে ক্যাম্পে।

“পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প আজকে শুরু হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে বুধবার। ক্যাম্প শেষ হবে ৪ মার্চ।”

এবারের পাঁচ দিনব্যাপী ক্যাম্পে দেশের ৬৮ ইউনিটের যুব সদস্য, শিক্ষক প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও ইউনিট লেভেলের কর্মকর্তা মিলিয়ে এক হাজার ২০০ জন অংশ নিচ্ছে বলে জানান তিনি।

পরাগ বলেন, বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ নিয়মিত ঘটনা। প্রশিক্ষিত যুবশক্তি দুর্যোগে সবচেয়ে বড় সম্পদ। এ ক্যাম্প দুর্যোগে কিভাবে কার্যকরভাবে ভূমিকা রাখা যায় সে বিষয়ে যুবাদের প্রশিক্ষিত করে তুলবে।