২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুলকে ধরার মতো প্রমাণ পাইনি: আইজিপি

স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত‌্যাকাণ্ডে সাবেক এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 09:46 PM

Updated : 11 Oct 2022, 01:30 PM

পুরনো খবর:

এখন বাবুল আক্তারকেই সন্দেহ শ্বশুরের

বুধবার চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাবুল আক্তারকে গ্রেপ্তারের মতো কোনো এভিডেন্স আমরা পাইনি। যদি কংক্রিট ও ডাইরেক্ট কোনো এভিডেন্স পাওয়া যায় অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে।”

গত বছর ৫ জুন সকালে এই চট্টগ্রাম শহরেই খুন হয়েছিলেন মাহমুদা আক্তার মিতু। তার স্বামী বাবুল আক্তার অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশে ছিলেন। পদোন্নতি পেয়ে ঢাকা আসার কয়েকদিনের মধ‌্যে সন্ত্রাসী হামলায় মিতু নিহত হন।

এই হত‌্যাকাণ্ডে বাবুল আক্তারের সোর্সসহ কয়েকজন গ্রেপ্তার ও দুইজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। তবে আট মাসেও হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বলতে পারেনি পুলিশ।

হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন হিসেবে বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম শিকদার ওরফে মুছার নাম আসায় গত বছরের অক্টোবরে তাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে সিএমপি।

পুলিশ প্রধান শহীদুল হক বলেন, “হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মুছাকে খোঁজা হচ্ছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে তাকে পলাতক দেখিয়ে অভিযোগপত্র দেওয়া হবে।” 

Image
বাবুল আক্তার (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

বাবুল আক্তার (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

দুই বছর আগে ঝিনাইদহে ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত এসআই আকরাম হোসেনকে বাবুল আক্তারের পরিকল্পনায় খুন করা হয় বলে সম্প্রতি অভিযোগ তুলেছে তার পরিবার।

এ বিষয়ে প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, “এসআই আকরামের বিষয়টি নিয়ে আমরা সরাসরি অভিযোগ পাইনি। মিডিয়ার মাধ্যমে বিষয়টি আমরা জানতে পেরেছি।

“এটা তদন্তের বিষয়। তদন্তে বোঝা যাবে অভিযোগ সত্য নাকি মিথ্যা। যদি প্রমাণ পাওয়া যায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কাদের খানের ‘পরিকল্পনায়’ সাংসদ লিটন খুন

গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক সাংসদ জাতীয় পার্টির আব্দুল কাদের খানের পরিকল্পনায়ই এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে হত‌্যা করা হয়েছে বলে দাবি করেন আইজিপি।

তিনি বলেন, “লিটন খুনের বিষয়ে যাদের শনাক্ত করা হয়েছে সে ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই।

“উনার ইচ্ছা ছিল- লিটনকে সরিয়ে দেওয়া হলে তার পথ পরিষ্কার হবে এবং পরবর্তীতে সে এমপি হবে।”   

কাদের খানের বগুড়ার বাড়িতে ছয় দিন অবস্থানের পর মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ প্রধান।