২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানত বিমানবন্দরে ৬ সোনার বার উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 05:36 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

মো. জামাল নামে ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। 

বুধবার সকালে ‘ফ্লাই দুবাইয়ের’ একটি ফ্লাইটে চট্টগ্রাম আসার পর তার কাছ থেকে বারগুলো উদ্ধার করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. মোর্শেদ আলী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম আসেন জামাল।

“গ্রিন চ্যানেল পাড় হওয়ার সময় খবর পেয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে পেটের ভেতরে করে ছয়টি বার নিয়ে আসার কথা স্বীকার করে।”

প্রতিটি বারের ওজন ১০ তোলা করে জানিয়ে মোর্শেদ বলেন, জামালের ব্যাগ তল্লাশি করে ২৫ গ্রাম ওজনের কয়েকটি সোনার চুড়িও উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এই রাজস্ব কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার সকালেও মো. শাহাদাৎ নামে ফ্লাই দুবাইয়ের এক যাত্রীর পেট থেকে ১৫টি সোনার বার উদ্ধার করে কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সদস্যরা।