টেরাকোটায় বাংলাদেশের ইতিহাস
কেমন করে হল এই বাংলাদেশ; ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের ধরন কেমন ছিল, কেমন করে বাংলা হল রাষ্ট্রভাষা, কেমন করে একাত্তরে উঠল স্বাধীনতার সূর্য- সব এক দেয়ালে এল চট্টগ্রামে।
দেশের ইতিহাসের বাঁক বদলের ঘটনাগুলোর সঙ্গে বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ হয়ে ওঠা বিশ্ব ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রাও স্থান পেয়েছে বন্দরনগরীর একটি বিদ্যালয়ের দেয়ালে স্থাপিত টেরাকোটায়।
বাঙালির অন্যতম গর্বের দিন একুশে ফেব্রুয়ারির সকালে জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মূল ফটকের দুই পাশের সীমানা দেয়ালের ১৩৬ ফুট দৈর্ঘ্যের এই টেরাকোটা উদ্বোধন করা হয়েছে।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে ভাস্কর প্রণব সরকার এবং স্থপতি আইনুল ইসলাম শাওন টেরাকোটার এই শিল্পকর্মটি করেছেন।
ব্রিটিশবিরোধী আন্দোলনের তিন বীরকে দিয়ে শুরু হয়েছে এই টেরাকোটা, যে সশস্ত্র সংগ্রামের সঙ্গে সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বীর চট্টগ্রামের ছিল সরাসরি যোগাযোগ।
দেয়ালের বামপাশ খচিত হয়েছে চট্টগ্রাম যুব বিদ্রোহের অগ্রনায়ক মাস্টারদা সূর্যসেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এবং বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে।
এরপরই সিপাহী বিদ্রোহ এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে টেরাকোটায়।
এরপর এসেছে রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, যাতে বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছিল।
এরপাশে একে একে ফুটিয়ে তোলা হয়েছে একাত্তরে সম্মুখ সমর, পাকিস্তানিদের আত্মসমর্পণ, বিজয়ের আনন্দে আত্মহারা বাঙালি জাতি, সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি এবং জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন।
এরপর রয়েছে ‘স্বাধীন বাংলাদেশে মুক্ত সন্তানেরা শাপলা তুলছে সরোবরে’ এবং মঙ্গল শোভাযাত্রা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে খুব সুন্দর করে ইতিহাস তুলে ধরা হয়েছে। এগুলো দেখলে শিশুরা অনেক কিছু জানতে পারবে।”
সাইফুল ইসলামের মতো সন্তান নিয়ে আসতে দেখা গেছে অনেক অভিভাবককে। এসেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তরুণরাও দল বেঁধে এসেছে টেরাকোটা দেখতে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার আগেই উন্মুক্ত করা টেরাকোটা দেখছিল খাস্তগীর স্কুলের কয়েকজন ছাত্রী। বিস্ময় আর কৌতূহল নিয়ে তাদের দৃষ্টি নিবন্ধ ছিল প্রীতিলতায়, যার আত্মদান এখনও প্রেরণাদায়ী বাঙালির কাছে।
“কিছুদিন আগেও এ দেয়ালটিতে পোস্টার লাগানো হত। শিশুরা বিদ্যালয়ে আসে জ্ঞান অর্জনের জন্য। অথচ বিদ্যালয়ের দেয়ালে পোস্টার লাগানো হয়। এটা কেমন কথা! চেয়েছি- শিশুরা ইতিহাস জানুক।”
অনুষ্ঠানে অংশ নিয়ে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, এটা অত্যন্ত নান্দনিক। প্রতিদিন যারা এ পথে চলাফেরা করবে তারা আগ্রহ নিয়ে দেখবে। তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।
দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, “সুন্দর নগরী গড়তে যারা চেষ্টা করছে, তাদের সাথে ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা পাশে থাকব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, হাসান মাহমুদ হাসনী ও আঞ্জুমান আরা বেগম।
