‘আধিপত্য বিস্তারের জেরে’ চট্টগ্রামে ছাত্রলীগনেতাকে গুলি
নগরীর বাকলিয়ায় ‘আধিপত্য বিস্তারের’ জেরে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগের নগর কমিটির সদস্য তানজিরুল হক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানার চাক্তাই আমিন হাজি সড়কে এ ঘটনা ঘটে।
তানজিরুল হক নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
ঘটনার বিষয়ে বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রাতে ডান হাঁটুর ওপরের অংশে গুলিবিদ্ধ অবস্থায় তানজিরুল হককে হাসপাতালে আনা হয়।
“গুলিতে পায়ের হাড় ভেঙ্গে গেছে। আঘাত গুরুতর তবে এখন তিনি আশঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।”
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, “ঘটনার কথা শুনেছি। এলাকায় কিছু সমস্যা আছে। তবে কারা, কেন গুলি করেছে তা আগে বের করতে হবে।”
