চট্টগ্রামে বরযাত্রীবাহী বাস উল্টে নিহত ১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বরযাত্রী বহনকারী একটি বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে চন্দনাইশ উপজেলার জামের জুড়ি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত সোমা চৌধুরী (৩০) পটিয়া উপজেলার লিটন চৌধুরীর স্ত্রী।
হাইওয়ে পুলিশ দোহাজারি থানার পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরযাত্রীবাহী বাসটি লোহাগাড়া আমিরাবাদ থেকে পটিয়া যাচ্ছিল। ঘটনাস্থলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়।
আহতদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তাদের মধ্যে গুরুতর আহত সোমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান।
