২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক, আধাসামরিক বাহিনীর পোশাকের সদৃশ কাপড় জব্দ

চট্টগ্রামের টেরিবাজার এলাকা থেকে সামরিক ও আধাসামরিক বাহিনীর পোশাকের সদৃশ বিপুল পরিমাণ কাপড় জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 07:35 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে চারটি দোকান থেকে প্রায় পাঁচ হাজার গজ কাপড় জব্দের পাশাপাশি এক লাখ ৬০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে ইউনিক ফেব্রিকস, বাগদাদ ক্লথ স্টোর, মহরম ক্লথ স্টোর ও তাহের ক্লথ স্টোর থেকে মোট চার হাজার ৯৩৬ গজ কাপড় জব্দ করা হয়েছে।

পাশাপাশি কাপড়গুলো বিক্রির অপরাধে ইউনিক ফেব্রিকস ও বাগদাদ ক্লথ স্টোরকে ৫০ হাজার টাকা করে এবং মহরম ক্লথ স্টোর ও তাহের ক্লথ স্টোরকে ২০ হাজার ও ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৭ এর উপ-পরিচালক মেজর সুদীপ্ত শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এসব কাপড় সংগ্রহ করে।”

এ তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা শাহীন বলেন, সেনাবাহিনী, বিজিবি, এবিপিএন, আনসার বাহিনীর পোশাকের কাপড়ের সদৃশ এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে বিক্রি নিষিদ্ধ।

তবে ব্যবসায়ীদের দাবি এধরনের কাপড়গুলো বিক্রি নিষিদ্ধ বলে তাদের কাছে কোনো তথ্য নেই।

বাগদাদ ক্লথ স্টোরের মালিক মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশীয় বিভিন্ন টেক্সটাইল মিলে কাপড়গুলো তৈরি করা হয়। ঢাকার বৃহৎ কাপড়ের বাজার ইসলামপুর থেকে কাপড়গুলো তারা সংগ্রহ করেন।

লেপ-তোষক তৈরিতে কাপড়গুলো ব্যবহার করা হয় বলে জানান তিনি।