চট্টগ্রামে রান্নার চুলার আগুনে পুড়ল শুঁটকির আড়ত
চট্টগ্রামে শুঁটকিপল্লী সংলগ্ন বস্তির শ্রমিকদের রান্নার চুলা থেকে লাগা আগুনে তিনটি আড়ত ও ১২টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
রোববার সকাল পৌনে ১০টার দিকে পাইকারী পণ্যের বড় বাজার আছদগঞ্জের শুঁটকিপল্লীতে আগুন লাগে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জসিম বলেন, “আড়তের পেছনের বস্তিতে শুঁটকিপট্টির শ্রমিকদের ঘর। ওদের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।”
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে শুঁটকিপল্লীতে থাকা একটি সাবান কারখানা ও মাছের খাদ্যের গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত জ্যোতি সোপ কারখানার মালিক আবু কায়সার জানান, আড়তের পেছনে থাকা পরিত্যক্ত লবণ কারখানায় শ্রমিকদের রান্না ঘরের সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস সদস্যরা সিলিন্ডার বিস্ফোরণের আলামত পাননি বলে সাংবাদিকদের জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত মামুন ট্রেডার্সের ব্যবস্থাপক আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে শুঁটকি পুড়ে তার প্রতিষ্ঠানের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আছদগঞ্জ শুঁটকি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম জানান, আগুনে সাত থেকে আটটি আড়তের শুটকি পুড়ে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
