জালিয়াতি করে কনটেইনার খালাস, একজন গ্রেপ্তার
সরকারি কর্মকর্তার সিল-স্বাক্ষর জাল করে বন্দর থেকে কনটেইনার খালাসের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদ থেকে দেলোয়ার হোসেনকে (৪২) গ্রেপ্তার করার কথা জানান দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পরিচালক আবু সাঈদ।
গ্রেপ্তার দেলোয়ার আগ্রাবাদ এলাকার ময়নামতি মেরিন নামে একটি প্রতিষ্ঠানের মালিক। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবু সাঈদ বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বরে দেলোয়ার কাস্টমস কর্মকর্তার সিল-স্বাক্ষর জালিয়াতি করে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যভর্তি ১৪টি কনটেইনার ছাড় করে নগরীর হালিশহর নয়াবাজারে তার মালিকানাধীন ওয়ার্কশপে নিয়ে জড়ো করেন।
৩০ সেপ্টেম্বর তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কাস্টমস কর্মকর্তারা পুলিশের সহায়তায় কনটেইনারগুলো জব্দ করেন। এই ঘটনায় হালিশহর থানায় করা মামলার আসামি দেলোয়ার।
