চট্টগ্রাম নগরীতে ১২ ভাসমান দোকান উচ্ছেদ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত নগরীতে ১২টি ভাসমান দোকান উচ্ছেদ এবং বিভিন্ন দোকানকে প্রায় ৪৬ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এর নেতৃত্বে হালিশহর থানার বড়পোল এলাকায় অভিযান পরিচালিত হয়।
সনজিদা শরমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড়পোলে পোর্ট কানেকটিং সড়কের পাশে ফুটপাত ও নালার উপর অবৈধভাবে বসা ১২টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
এসময় ট্রেড লাইসেন্স না থাকায় ওই এলাকার জেরিন স্টোরকে পাঁচ হাজার টাকা এবং মূল্য তালিকা না টাঙ্গানোয় লাইফ লাইন ডায়গনস্টিক সেন্টারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযান দল নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় ট্রেড লাইসেন্স না থাকায় গুলজার হোটেলকে পাঁচ হাজার টাকা, আতুরার ডিপোর খাজা ট্রেডার্সকে তিন হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় নিউ বার আউলিয়া হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করে।
এছাড়া তাৎক্ষণিকভাবে লাইসেন্স নবায়ন করায় অন্য চারটি প্রতিষ্ঠানকে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সিসিসির আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের নেতৃত্বে অন্য একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এসময় ডবলমুরিং থানার চৌমুহনী কর্ণফুলী মার্কেটে ট্রেড লাইসেন্স ও নবায়ন না থাকায় ১৬টি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
