২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় নৈশপ্রহরী হত‌্যায় ৬ ‘ডাকাত’ গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত সপ্তাহে শ্বাসরোধে এক নৈশ প্রহরীকে হত‌্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 01:09 PM

Updated : 19 Aug 2022, 03:36 PM

পুলিশ বলছে, গ্রেপ্তার নুরুল ইসলাম (৩২), সেলিম উদ্দিন (৩০), নুরুচ্ছফা তালুকদার ওরফে পারভেজ (২৮), মো. মিজান (৩৫), মো. জাহাঙ্গীর আলম ওরফে ফারুক (৩০) ও মো. জামাল (৪০) আন্তঃজেলা ডাকতদলের সদস্য।

পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, কাট্টলী ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গত ২৪ জানুয়ারি রাতে উত্তর রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকা থেকে নৈশ প্রহরী তপন বিশ্বাসের (৫৮) লাশ উদ্ধার করা হয়। ডাকাতি করার সময় দেখে ফেলায় তপনকে বেঁধে ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছিল পুলিশ।

ওই ঘটনায় তপনের ছেলে উত্তম বিশ্বাস অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

পরিদর্শক সন্তোষ জানান, তপনকে খুনের রাতেই ডাকাতদলের সদস্যরা মজুমদারখিল এলাকায় শাহ আলম নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করে টাকা, স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব নিয়ে যায়।

“রোববার ভোর পর্যন্ত টানা অভিযান চালিয়ে নুরুল ইসলাম ও সেলিমকে কাট্টলী থেকে, পারেভেজকে রাঙ্গুনিয়ার বেতাগী, জামালকে গোপালপুর বাজার থেকে, মিজান ও ফারুককে চন্দ্রঘোনা লিচু বাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”

সন্তোষ বলেন, “গ্রেপ্তার সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় তারা আগেও ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ছিল।”

গ্রেপ্তারদের কাছ খেকে একটি সিএনজি অটোরিকশা, একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, ল্যাপটপ, মোবাইল সেট, ট্যাব ও দুই ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান এ কর্মকর্তা।