২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিষ মিশিয়ে কুকুর নিধন, সিসিসির অস্বীকার

বন্দর নগরীর কয়েকটি স্থানে বিষ ছিটিয়ে কুকুর নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে সিটি কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 03:31 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরীতে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার মধ্যে গত মঙ্গলবার ও বুধবার দুইদিন নগরীর বিভিন্ন স্থানে অসংখ্য মৃত কুকুর পড়ে থাকতে দেখা যায়।

এর মধ্যে মঙ্গলবার নগরীর আগ্রাবাদের মুহুরি পাড়া, রঙ্গি পাড়া, পানওয়ালা পাড়া, মিস্ত্রি পাড়া, পশ্চিম মিস্ত্রি পাড়া ও লাল মসজিদের সামনে মৃত কুকুর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এছাড়া নগরীর কোতোয়ালি থানার ঘাটফরহাদবেগ এলাকার একটি ডাস্টবিনে ১৫টি মৃত কুকুর দেখা গেছে বলে বাসিন্দারা জানান।

সিসিসির পরিচ্ছন্ন কর্মীরা বিষ ছিটিয়ে কুকুন নিধন করছে বলে প্রত্যক্ষদর্শী নগরবাসীর অভিযোগ।

আগ্রাবাদ এলাকার বাসিন্দা এসএম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সিসিসির পরিচ্ছন্ন কর্মীরা কুকুর নিধন করে।

“আমরা কয়েকজন এ বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বললে তিনি জানান, ‘এগুলো স্থানীয় উদ্যোগে মারা হচ্ছে’। তাহলে সিসিসির পরিচ্ছন্ন কর্মীরা কেন- জানতে চাইলে তিনি কিছু না বলে ফোন রেখে দেন।”

রেজাউল করিম বলেন, আগ্রাবাদের মুহুরী পাড়া, রঙ্গিপাড়া, পানওয়ালা পাড়া, মিস্ত্রি পাড়া, পশ্চিম মিস্ত্রি পাড়াসহ বেশ কয়েকটি জায়গায় এ কুকুর নিধন চলেছে। গুণে গুণে মোট ৮৮টি ছোট বড় কুকুর মৃত পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, ডাস্টবিনে থাকা উচ্ছিস্ট খাবারে বিষ মিশিয়ে রাখা হয়। ওই খাবার খেয়েই মারা পড়ে কুকুর।

এভাবে কুকুর নিধনে সমালোচনার মধ্যে এ বিষয়ে কোনো কিছু জানেন না বলে দাবি করেন নগরীর যে এলাকায় সবচেয়ে বেশি কুকুর মরে থাকতে দেখা যায় সেই আগ্রাবাদ এলাকার ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍“কুকুর মারার কোনো খবর আমি পাইনি। আমি এ বিষয়ে কিছু জানি না।”

প্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেয়ার ফর পজ’ তাদের ফেইসবুকে পেইজে এ ঘটনায় নিন্দা জানায়।

পরে কেয়ার ফর পজ এর সেক্রেটারি জেনারেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍“এটি একটি ভয়াবহ ঘটনা। সিসিসি এভাবে কোনো প্রাণীর প্রাণ নিতে পারে না। আমরা এ ঘটনায় নিন্দা জানাচ্ছি।”

কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে তিনি বলেন, “যেখানে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে আর সরকার ভ্যাকসিনেশনে অর্থ বরাদ্দ দিচ্ছে সেখানে এভাবে কুকুর হত্যা গ্রহণযোগ্য হতে পারে না।”

কুকুর নিধনের প্রতিবাদে কেয়ার ফর পজ শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিরও আয়োজন করেছে। 

মঙ্গল ও বুধবারের কুকুর নিধনের ঘটনার সমালোচনার মধ্যে বৃহস্পতিবার নগরীর কোনো স্থান থেকে নতুন করে কোনো মৃত কুকুর দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

কুকুর নিধনে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়ার কথা অস্বীকার করেন সিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুকুর কে বা কারা মারছে এ বিষয়ে আমরা কিছুই জানি না।”

২০১২ সালের ৮ জুলাই জাতীয় সংসদে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে কুকুর নিধনকে শাস্তিযোগ্য অপরাধ ও এ অপরাধে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।

২০১২ সালে ‍উচ্চ আদালতও কুকুর নিধনে নিষেধাজ্ঞা জারি করে এ বিষয়ে বিকল্প পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেয়।

সরকারের রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর কুকুরের কামড়ে শিকার হয়ে জলাতংকে দুই হাজার মানুষ মারা যায়।

তারপরও এভাবে কুকুর নিধন সমর্থনযোগ্য সমাধান নয় মন্তব্য করে বিকল্প হিসেবে কুকুরকে টিকা দেওয়া বা বন্ধ্যাকরণ যেতে পারে বলে মত প্রকাশ করেন চট্টগ্রাম জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রিয়াজুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍“কুকুরের মৃত্যুর বিষয়টি আমরা ‍শুনেছি। তবে চট্টগ্রাম নগরীতে এখন কুকুরের এমন কোনো রোগ দেখা যায়নি যে এত বেশি সংখ্যায় মারা পড়বে।

“নগরীতে সম্প্রতি কুকুরের সংখ্যা বেড়েছে, এটা সত্য। এজন্য কুকুর নিধন কোনো সমর্থনযোগ্য সমাধান না। বিকল্প হিসেবে কুকুরকে টিকা দেওয়া বা বন্ধ্যাকরণ যেতে পারে।”