২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শওকত ওসমানের লেখা পাঠ্যসূচিতে আনার দাবি

কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মশত বার্ষিকীতে তরুণ প্রজন্মের জন্য তার লেখা ও জীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির আহ্বান এসেছে চট্টগ্রামের একটি অনুষ্ঠান থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 11:56 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার নগরীর ডিসি হিলে শওকত ওসমান জন্মশতবার্ষিকী স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, বাঙালি সত্তার জাগরণে যে কয়েকজন লেখকের ভূমিকা রয়েছে তার মধ্যে শওকত ওসমান অগ্রগণ্য।

“কথাসাহিত্যে তিনি যা সৃষ্টি করেছেন তার মধ্যে যে বাণী মুখ্য ছিল তা হল- মানবসত্তার মর্যাদার মধ্যে মানুষকে খুঁজতে হবে। ‘জননী’ ও ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসে আমরা সে সত্য উপলব্ধি করি।

“তাই তার লেখা ও জীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হলে তাতে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। আমাদের সমাজে আরও শওকত ওসমান দরকার।”

কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, শওকত ওসমান ছিলেন একজন মুক্তমনের মানুষ। অথচ তিনি পড়ালেখা শুরু করেছিলেন মাদ্রাসায়।

“সে আমলে তিনি মাদ্রাসায় পড়ে প্রগতিশীল হয়ে উঠেছিলেন। বয়স যত বেড়েছে ততই কুসংস্কারমুক্ত হয়ে তিনি ইতিহাসের মানুষ হয়ে উঠেছিলেন। তিনি বলতেন, শুধু বই নয়, মানুষকেও পড়তে হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহীদজায়া বেগম মুশতারী শফী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার, হাসিনা জাকারিয়া বেলা, শওকত ওসমানের কণিষ্ঠ পুত্র জাঁ নেসার ওসমান, সাংবাদিক নাজিমউদ্দিন শ্যামল ও রাজনীতিবিদ ফরিদ মাহমুদ বক্তব্য রাখেন।