২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত ভাংচুর তদন্তে আইনজীবী সমিতির কমিটি হচ্ছে

জামিন না মেলার পর চট্টগ্রাম আদালত ভবনে এজলাস কক্ষ ভাংচুরের ঘটনা তদন্তে কমিটি করছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 09:39 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

মঙ্গলবার বিকালে সমিতির নেতাদের সঙ্গে সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের বৈঠকে এ কমিটি করার সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভায় আইনজীবীরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

“আগামীকাল (বুধবার) সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে পরামর্শ করে কমিটি গঠন করা হবে। কমিটি ঘটনার তদন্তের পাশাপাশি দায়ীদের চিহ্নিত করবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক সভাপতিদের মধ্যে আনোয়ারুল ইসলাম চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাহেদ বীরুসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

গত ১৮ জানুয়ারি মানবপাচার আইনের এক মামলায় গ্রেপ্তার আইনজীবী জামাল হোসেন ও তার স্ত্রী ইয়াছমিন আক্তারের জামিন না দেওয়ায় চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের এজলাস কক্ষ ও বিচারকের খাস কামরার জানালার কাচ ভাংচুর করে বিক্ষোভ করে একদল আইনজীবী।

ঘটনার পরদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটি সেদিন থেকেই কাজ শুরু করেন।

ওই দিন প্রধান বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম আদালত ভবনে এক অনুষ্ঠানে এসে এ ঘটনাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে বলেন, এতে হৃদয়ে ‘রক্তক্ষরণ’ হচ্ছে।

এই ঘটনার জন্য দায়ী আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ বার কাউন্সিলকে সোমবার চিঠি দেয় সুপ্রিম কোর্ট।

পুরনো খবর:

চট্টগ্রামে আদালত ভাংচুরে আইনজীবীরা
আমার রক্তক্ষরণ হচ্ছে: প্রধান বিচারপতি
চট্টগ্রামে আদালত ভাংচুর: দায়ীদের শাস্তি দিতে বার কাউন্সিলকে চিঠি