রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম পর্ব থেকে ১৩ প্রতিযোগী বাছাই
সপ্তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের জন্য চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা থেকে ১৩ প্রতিযোগীকে বাছাই করা হয়েছে।
শুক্রবার নগরীর চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ‘জীবন বাঁচাতে ও সাজাতে রসায়ন’ স্লোগান নিয়ে দিনব্যাপী অলিম্পিয়াডের আয়োজনে অংশ নেয় চট্টগ্রাম অঞ্চলের ১২০টি কলেজের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী।
বাংলাদেশ রসায়ন সমিতি কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির আয়োজনে অলিম্পিয়াডের চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সকাল সোয়া ৯টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসে পরীক্ষাগ্রহণ করা হয়।
এরপর রসায়ন সমিতির নেতা, বর্তমান ও সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি হয়।
বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিযোগীদের মধ্যে প্রথম থেকে চতুর্থ অবস্থান লাভ করেছেন মোট ১৩ জন।
“এই ১৩ জন প্রতিযোগী আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় হতে যাওয়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। চূড়ান্ত প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেবেন।”
চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন বিএন কলেজের মো. সাইফুল ইসলাম এবং চট্টগ্রাম কেমব্রিয়ান কলেজের তাসকির আহমেদ।
বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাট্যকার ড. ইনামুল হক ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক জেসমিন আক্তার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি এবং অলিম্পিয়াড আয়োজক কমিটির চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক মনির উদ্দিন বলেন, “নবীনদের মাঝে প্রতিভা আছে। সেই প্রতিভাকে শাণিত করতেই আমাদের আয়োজন।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ রসায়ন সমিতির চট্টগ্রাম অঞ্চলের সভাপতি অধ্যাপক হাবিব উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন আহমদ, চট্টগ্রামস বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক বেণু কুমার দে এবং সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল হামিদ উপস্থিত ছিলেন।
অলিম্পিয়াড উপলক্ষে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
