‘নিরাপত্তায় দেওয়া গানম্যানদের বাজারেও পাঠানো হয়’
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য দেওয়া বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের তার দায়িত্বের বাইরের কাজ করানো হয় বলে অভিযোগ তুলেছেন চট্টগ্রামের জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।
পুলিশে জনবল সঙ্কটের বিষয়টি তুলে ধরতে গিয়ে রোববার চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ‘জনবল অপচয়ের’ এই অভিযোগ করেন তিনি।
নুরে আলম মিনা বলেন, এমনিতেই পুলিশে জনবল সঙ্কট। তার উপর বিভিন্ন প্রটোকলের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ‘ফোর্স’ চলে যাচ্ছে।
“প্রটোকলের জন্য আমাদের আলাদা সেক্টর হিসেবে গানম্যান রয়েছে। তারা দায়িত্ব পালন করছেনও। কিন্তু গানম্যানদের ব্যবহার করা হচ্ছে বাজার করার কাজে, ছাতা ধরার কাজে কিংবা বাচ্চা স্কুলে পাঠানোর কাজে।”
গাইবান্ধায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের পর সংসদ সদস্যদের নিরাপত্তায় গানম্যান দিতে দাবি ওঠার প্রেক্ষাপটে এই পুলিশ কর্মকর্তার এই বক্তব্য এল।
ভিআইপিদের প্রটোকল দিতে ব্যস্ত থাকার উদাহরণ দিয়ে চট্টগ্রামের পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশে বলেন, “নভেম্বর-ডিসেম্বর মাসে কতজন ভিআইপি রাঙামাটি-বান্দরবানে বেড়াতে গেছেন আপনারা খবর নেন।
“গাইবান্ধার সংসদ সদস্য নিহত হওয়ার পর এমপি পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হয়ত পরে উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তাও জোরদার করা হবে। কিন্তু আমাদের গাড়ি সঙ্কট ও লোকবল সঙ্কট আছে।”
বন্দর নগরী এবং উপজেলা পর্যায়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক মাইক ও লাউড স্পিকার ব্যবহারের সমালোচনাও করেন নুরে আলম মিনা।
“এখন আমাদের সবাইকে ভাবতে হবে এত বেশি মাইক ব্যবহার করা উচিত কি না। পরিবেশ অধিদপ্তরের অনেক কাজ, কিন্তু এক্ষেত্রে তাদের দৃশ্যমান কাজ পরিলক্ষিত হয় না। অতিরিক্ত শব্দের কারণে অনেক সময় রোগী ও শিক্ষার্থীদের ভুগতে হয়।”
সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন সড়কের দুই পাশ দখল করে গড়ে তোলা অবৈধ ট্রাক-বাস ও টেক্সি-টেম্পু স্ট্যান্ড সরানোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সাতকানিয়ার উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের, চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
