চট্টগ্রামে ছুরি মেরে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীরা মোবাইল কোম্পানির ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের এক কর্মচারীকে ছুরিকাঘাত করে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ছুরিকাঘাতে আহত সাদ্দাম হোসেন (২৭) মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের ডিস্ট্রিবিউটর ‘জিনেট’ এর কর্মচারী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বিআরটিসি মোড় সংলগ্ন শ্যামলী কাউন্টারের কাছে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
জিনেট এর কর্মচারী লিটন বড়ুয়া বলেন, আগ্রাবাদের অফিস থেকে নগরীর নিউমার্কেট সংলগ্ন জলসা মার্কেটে জিনেটের প্রধান অফিসে অটোরিকশা করে ১২ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আহত সাদ্দামের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিদিনের মতো সাদ্দাম তাদের আরেক কর্মচারী রাজীবকে সাথে নিয়ে অটোরিকশা করে জলসা মার্কেট যাচ্ছিলেন।
এসময় মাঝপথে রাজীবকে নামিয়ে দিয়ে সাদ্দাম একা যাওয়ার পথে বিআরটিসি মোড়ে ছিনতাইকারীরা তার অটোরিকশা থামায়। পরে সাদ্দামকে ছুরিকাঘাত করে হাতব্যাগে থাকা ১২ লাখ টাকা এবং দুটি মোবাইলের একটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সাদ্দামের উরুতে ছুরিকাঘাত করা হয় বলে জানান লিটন বড়ুয়া।
কোতয়ালির থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাকা ছিনতাইয়ের বিষয়ে ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান জিনেটের মালিক মোহাম্মদ সিদ্দিক ও ম্যানেজার মোহাম্মদ থানায় এসে জানিয়েছে।
আহত সাদ্দামের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
