২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ ভালো সংবাদের শিরোনাম হোক: মহিউদ্দিন

নেতিবাচক খবরের শিরোনাম থেকে বেরিয়ে আসবে ছাত্রলীগ, সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই প্রত‌্যাশা রেখেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 10:53 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

পুরনো খবর:

প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারিতে চট্টগ্রাম ছাত্রলীগ

বুধবার সংগঠনটির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নগর ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব‌্যে এই আশাবাদ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি এক সময়ের ছাত্রলীগ নেতা মহিউদ্দিন বলেন, “ছাত্রলীগকে ভালো সংবাদের শিরোনাম হওয়ার চেষ্টা করতে হবে।

“অপকর্ম করুক আর না করুক, ছাত্রলীগ সংবাদ শিরোনাম হয়ে যায়। আমরা চাই ছাত্রলীগ ভালো সংবাদের শিরোনাম হবে। খারাপ খবরের শিরোনাম হওয়ার জন্য জাতির জনক এ সংগঠন প্রতিষ্ঠা করেননি।”

ছাত্ররা এ সংগঠনের নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের সুখে দুঃখে পাশে থাকবে এই আশার কথাও বলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন।

মহিউদ্দিনের এই বক্তব‌্যের দিনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় এক বক্সারের কাছ থেকে চাঁদা চেয়ে না পাওয়ায় মারধরের অভিযোগে এক ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কৃত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ‌্যালয় ও নগর ছাত্রলীগের নেতারা গত কয়েক বছর ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, সংঘর্ষের জন‌্য নানা খবরের শিরোনাম হন।

গত বছর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েও নেতিবাচক খবরের জন্ম দেয় নগর ছাত্রলীগ। 

ছাত্রলীগের সমস্যা নিরসনে গত ২৫ ডিসেম্বর সকালে মহিউদ্দিনের বাসায় এক বৈঠকে বসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে বৈঠকে ছাত্রলীগ নেতাদের তিরস্কারও করেছিলেন তিনি।

৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মহিউদ্দিনের সঙ্গে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও ছিলেন, যাদের দ্বন্দ্বও ছাত্রলীগে বিরোধের কারণ বলে অভিযোগ রয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মেয়র নাছির বলেন, ছাত্রলীগ নীতি-নৈতিকতার আদর্শিক সংগঠন। ছাত্রলীগের নেতৃত্বকে এ বিষয়টি স্মরণে রেখে কাজ করতে হবে।

“এ দেশের সকল আন্দোলনে মুক্তির পথ দেখিয়েছিল ছাত্রত্রলীগ। স্বনির্ভর বাংলাদেশ গঠনে ছাত্রলীগকে ব্যাপক ভূমিকা রাখতে হবে।”

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক-মিনিট্রাকসহ বিভিন্ন যানবাহনে চড়ে এবং বাজনা বাজিয়ে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ মিনারে সমবেত হয়।

আতশবাজি ফাটিয়ে এবং ভুভুজেলা বাজিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে অতিথিদের বরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের নগর কমিটির সহ-সভাপতি তালেব আলী, ইয়াছিন আরাফাত কচি, নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, জয়নাল উদ্দিন জাহেদ, রুমেল বড়ুয়া রাহুল, সৌমেন বড়ুয়া, মঈনুল হক শিমুল, নাঈম রনি, আ ফ ম সাইফুদ্দিন, নোমান চৌধুরী প্রমুখ।