২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কর্মস্থলে নারীর নেতৃত্ব এক দশকে বেড়েছে ১৫ গুণ

এক দশকে চট্টগ্রাম জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নারীর সংখ্যা ১৫ গুণ বেড়েছে বলে এক অর্থনৈতিক শুমারির প্রতিবেদনে উঠে এসেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 06:33 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

সম্প্রতি এক অনুষ্ঠানে ২০১৩ সালের অর্থনৈতিক শুমারির চট্টগ্রাম জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে নারীপ্রধানের সংখ্যা বেড়ে ৩০ হাজার ৬৫৩ জনে উন্নীত হয়েছে, যা ২০০৩ সালে ছিল দুই হাজার ১৮৭ জন।

চট্টগ্রামে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণকারী নারীর সংখ্যা বেড়েছে।

এক দশক আগে কৃষি, শিল্প ও নির্মাণ খাতসহ আর্থিক কর্মকাণ্ডে নারীর সংখ্যা ছিল ৬১ হাজার ২৪৪ জন, ২০১৩ সালে তা উন্নীত হয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ১৪৫ জনে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে বৃহস্পতিবার এই প্রতিবেদন তুলে ধরেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপ-পরিচালক মহিউদ্দিন আহমদ।

তিনি বলেন, করপোরেট অফিস, উৎপাদনশীল খাত, কুটির শিল্প ও আয়বর্ধক প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নারীর নেতৃত্ব বাড়ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন বলেন, “সরকার যে ভিশন-২০২১ নির্ধারণ করেছে সেটি পূরণে আমাদের পরিসংখ্যান ব্যুরোর এ তথ্য সহায়ক হবে।

“এক দশকে নারীর ক্ষমতায়ন, সামাজিক ও অর্থনৈতিক নানা সূচকে ইতিবাচক পরিবর্তন স্পষ্ট হয়েছে এই অর্থনৈতিক শুমারিতে।”

শুমারির প্রতিবেদন অনুযায়ী, এই এক দশকে চট্টগ্রামে বেড়েছে প্রতিষ্ঠানের সংখ্যাও প্রায় দ্বিগুণ বেড়েছে; মহানগরী ও উপজেলা মিলিয়ে একলাখ ৯৪ হাজার ৯২২ থেকে প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮০ হাজার ৫৫০টি।

বর্তমানে তিন লাখ ৮০ হাজার ৫৫০টি প্রতিষ্ঠানে কর্মরত মানুষের সংখ্যা ১৯ লাখ ৬৮ হাজার ৮৬২ জন, যা ২০০৩ সালে ছিল ৭ লাখ চার হাজার ৩৫১ জন।

২০১৩ সালের অর্থনৈতিক শুমারিতে মোট প্রতিষ্ঠানের মধ্যে ৫০ দশমকি ৪৩ শতাংশ শহর এলাকায় ও ৪৯ দশমিক ৪৩ শতাংশ উপজেলায় অবস্থিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিসংখ্যানের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে পরিসংখ্যান বর্তমানের সঙ্গে আপডেট হওয়া উচিত।

“আমরা এখন ২০১৩ সালের পরিসংখ্যান পাচ্ছি ২০১৬ সালে। তিন বছরে কিন্তু অনেক কিছু দ্রুত পাল্টে গেছে।”

চট্টগ্রাম বিভাগীয় পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক মো. এমদাদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যুরো ঢাকার পরিচালক আবদুল কাদির মিয়া।