২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন অটো রিকশা আরোহী এক নারী ও তার মেয়ে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 04:11 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

বুধবার দুপুরে মুরাদপুর পিলখানা রেল গেইটে এই দুর্ঘটনায় আরও দুজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- মরিয়ম বেগম (৬০), তার মেয়ে আফরিন (১৭)। আহতরা হলেন- আয়েশা বেগম (৯) ও মনি বেগম (৫৫)।

হতাহতরা সবাই বাগেরহাট জেলার বাসিন্দা। তারা চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।  

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি রেল গেইট অতিক্রমের সময় যাত্রীবাহী সিএনজি অটো রিকশাটিকে ধাক্কা দেয়।

“এতে ঘটনাস্থলে আনুমানিক ৬০ বছর বয়সী এক মহিলা মারা যান। আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত অবস্থায় তিন নারীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আফরিন মারা যায়।”

আহত অন্যদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জহিরুল বলেন, “হতাহতরা চট্টগ্রামে বেড়ানো শেষে বাগেরহাপ ফিরতে অলঙ্কার বাস স্টেশনে যাচ্ছিলেন।”

অরক্ষিত ওই ক্রসিংয়ে কোনো গেইট নেই; যানবাহনসহ পথচারীদের নিজ দায়িত্বে রেললাইন অতিক্রম করতে হয়।