বিএমএ নির্বাচন নিয়ে অভিযোগ মহিউদ্দিনের
চট্টগ্রাম বিএমএ নির্বাচনে চিকিৎসকদের ‘লুটেরা’ প্যানেলকে জেতাতে বদলি ও পদাবনতির হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
সোমবার নগরীর এস এস খালেদ সড়কের একটি কনভেনশন সেন্টারে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
২২ ডিসেম্বর অনুষ্ঠিত চট্টগ্রাম বিএমএ নির্বাচনে নাসির উদ্দিন মাহমুদ ও আ ন ম মিনহাজুর রহমান পরিষদের সমর্থক ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন।
চিকিৎসকদের সংগঠনের এই নির্বাচনে বিজয়ী মুজিবুল হক খান ও ফয়সাল ইকবাল চৌধুরী পরিষদের সমর্থন পেয়েছিল নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের।
নির্বাচনে মুজিবুল হক খান ও ফয়সাল ইকবাল চৌধুরীর নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয়লাভ করে।
সোমবারের সভায় মহিউদ্দিন বলেন, “বিএমএ নির্বাচনে চিকিৎসকদের লুটেরা প্যানেলকে জেতানোর জন্য চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ন্যক্কারজনক ভূমিকা পালন করেছেন।
“ভোটারদের বদলি ও পদাবনতির হুমকি দিয়ে তিনি ওই প্যানেলকে ভোট দেয়ার জন্য চাপ প্রয়োগ করেছেন। চিকিৎসা সেক্টরের শৃঙ্খলা ও দুর্বৃত্তায়ন মুক্ত করার স্বার্থে তার অপসারণ দাবি করছি।”
মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বলেন, “তারা বিএনপি-জামায়াতের সাথে আঁতাত করে ভোটে জিতেছে। দলের স্বার্থ না দেখে স্বার্থান্বেষী মহলের স্বার্থ দেখেছে।
“জামায়াতি চিকিৎসকদের তারা বদলিসহ নানা লোভ দেখিয়েছে। আওয়ামী লীগের নাম ব্যবহার করে স্বাধীনতাবিরোধীদের সাথে নিয়ে যারা এ কাজ করেছে তাদের আমি চিনি। আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন নিয়ে এগিয়ে যাব। তাদের প্রতিরোধ করব।”
সাবেক মেয়র মহিউদ্দিন বলেন, “ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার দুর্বৃত্তসুলভ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাই হচ্ছে। এখানে একজন চিকিৎসক নেতার নেতৃত্বে একটি ব্যবসায়িক সিন্ডিকেট গড়ে উঠেছে। চিকিৎসক কর্মচারীদের নিয়োগ, বদলি ও পদোন্নতি তারাই নিয়ন্ত্রণ করছে। এরা সেবা প্রার্থীদের জিম্মি করে সরকারি দলের লেবাসে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”
স্বাচিপ চট্টগ্রামের সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও মিনহাজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্বাচিপ চট্টগ্রাম জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আ ন ম ফারুক অর রশীদ।
বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. জাহিদ হাসান শরীফ, স্বাচিপ চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব ডা. নাসির উদ্দিন মাহমুদ, সাবেক সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু তৈয়ব ও সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল।
