২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় শিশু নিহত

চট্টগ্রামের কোতোয়ালীতে বাসচাপায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 01:20 PM

Updated : 20 Aug 2022, 02:33 PM

নিহত কামরুন নাহার কর্ণফুলী থানার মইজ্জ্যারটেকের ওসমান গণির মেয়ে।

কোতোয়ালী থানার এসআই মো. শাহজাহান জানান, শনিবার সকালে মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পথে শিশুটি দুর্ঘটনায় পড়ে।

“কোতোয়ালী মোড়ে টেম্পো থেকে নেমে তারা রাস্তার পাশে অপেক্ষা করছিল। এসময় লালদিঘী থেকে আগ্রাবাদগামী ৬ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ‍শিশুটিকে চাপা দেয়।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, গুরুতর আহত কামরুন নাহারকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই ঘাতক বাস ও এর চালককে আটক করা হয় বলে এসআই শাহজাহান জানিয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম বলতে পারেননি তিনি।