চট্টগ্রামে বাড়িতে আগুন, দম্পতির মৃত্যু
চট্টগ্রাম নগরীর এক বাসায় আগুন লাগার পর ধোঁয়ায় দম বন্ধ হয়ে দম্পতির মৃত্যু হয়েছে।
রোববার ভোর রাতে বাকলিয়া থানার বলিরহাট শাহাজীপাড়ায় এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কাজী নজরুল ইসলাম জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৈয়দ আহমেদ (৩০) ও তার স্ত্রী রিনা আক্তারকে (২৫) ভোরের দিকে হাসপাতালে নিয়ে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা।
পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন জানিয়ে হামিদ বলেন, “ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল জানান, শাহাজীপাড়ার ওই বাসায় ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পান তারা। কালুরঘাট ও লামারবাজার ফায়ার স্টেশনের চারটি গাড়ি গিয়ে সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগুনে তিনটি বসত ঘর পুড়ে গেছে।
