বিজয় দিবসে জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি চট্টগ্রাম বিএনপির
১৯৭১ সালের ২৬শে মার্চ বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
শুক্রবার নগরীর নাছিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে বিজয় শোভাযাত্রার উদ্বোধনীতে এ দাবি করেন মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।
বিজয় দিবস উপলক্ষে নগর বিএনপি আয়োজিত এই শোভাযাত্রায় তিনি বলেন, "১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ।
"শোষণ, বঞ্চনামুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ১৯৭১ সালে এ দেশের মুক্তিকামী জনতা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার সূর্য।"
স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করে ক্ষতবিক্ষত করা হয়েছে মন্তব্য করে শাহাদাত বলেন, জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব করা হয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে চট্টগ্রাম বিএনপির এ নেতা আরও বলেন, ‘এক তরফা প্রহসন মূলক’ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার খর্ব করেছে। এখন দেশের মানুষের বাক স্বাধীনতা বলতে কিছুই নেই।
নগর বিএনপি সভাপতি শাহাদাতের একান্ত সচিব মারুফুল হক চৌধুরীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় শোভাযাত্রাটি নুর আহাম্মদ সড়ক হয়ে লাভলেইন, এনায়েত বাজার, বাটালী রোড, বিআরটিসি বাস টার্মিনাল হয়ে কদমতলী গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক কমিশনার সামশুল আলম, মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, এস এম সাইফুল আলম, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, ইস্কান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, ফাতেমা বাদশা, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, কাউন্সিলর আবুল হাসেমসহ বিভিন্ন স্তরের নেতারা।
