‘সিএসআর এ কর্পোরেট হাউসগুলোর ভূমিকা বেশি না’
সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে (সিএসআর) কর্পোরট হাউসগুলোর ভূমিকা বেশি না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর সীতাংশু কুমার সুর চৌধুরী।
রোববার বিকালে চট্টগ্রামের বেসরকারি চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এস কে সুর চৌধুরী বলেন, “সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে সমস্ত ব্যাংকগুলোকে আমরা বাধ্য করেছি। আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সবিলিটি বলি, কিন্তু এতে কর্পোরেট হাউসগুলোর ভূমিকা বেশি না।
“বরং ব্যাংকগুলো ভূমিকা পালন করছে। আমরা বছরে ৬০০ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে খরচ করি বা করাই।”
অনুষ্ঠানে ‘চিটাগাং পোর্ট: আ ব্রিফ সার্ভে ১৯০০-২০১৪’ শীর্ষক প্রফেসর এমিরেটাস ড. আবদুল করিম তৃতীয় স্মারক বক্তৃতা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোফাখখারুল ইসলাম।
এরপর প্রাচীন ডিজাইনের একটি বাতি জ্বেলে উদ্বোধন করা হয় সিআইইউর সহযোগিতায় স্থাপিত ‘চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ রিসার্চ লাইব্রেরি অ্যান্ড আর্কাইভ’ এর।
এই গবেষণা কেন্দ্র স্থাপনে বাংলাদেশে ব্যাংকের সহযোগিতার কথা উল্লেখ করে এস কে সুর চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডের জন্য (সিএসআর) বাংলাদেশ ব্যাংক আন্দোলন করে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের ফান্ড অল্প তবুও বাংলাদেশ ব্যাংক এতে অংশগ্রহণ করে।
চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ সেন্টারের সদস্য সচিব শামসুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান ও অধ্যাপক মনিরুজ্জামান।
