দাবি আদায়ে চট্টগ্রামে গ্রামপুলিশ সম্মেলন, স্মারকলিপি
জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে গ্রাম পুলিশ সদস্যদের মানবেতর জীবন থেকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান এসেছে চট্টগ্রামে একটি সম্মেলন থেকে।
ছয় দফা দাবিতে সোমবার দুপুরে চট্টগ্রাম মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে বক্তারা এই আহ্বান জানান।
সম্মেলন শেষে গ্রামপুলিশ সদস্যরা মিছিল নিয়ে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় বিভাগীয় কমিশনারের কার্যালেয় গিয়ে বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের কাছে স্মারকলিপি দেন।
বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের বিভাগীয় সভাপতি ইব্রাহিম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি বছরের এপ্রিলে ঢাকায় গ্রামপুলিশের মহাসম্মেলনে উপস্থিত কয়েকজন মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন আমাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন এবং আন্ত:মন্ত্রণালয় বৈঠকের ব্যবস্থা করবেন। কিন্তু এখনও দাবি পূরণ হয়নি।
“চট্টগ্রামের ১১ জেলায় সাত হাজার গ্রামপুলিশ সদস্য আছে। পুরো মাস কাজ করে তিন হাজার টাকা বেতন পাই। এ টাকায় আজকের বাজারে জীবনের নূন্যতম প্রয়োজন মেটানোও সম্ভব হয় না।”
“যা বেতন পাই তাতে নিজের খরচই চলে না। অথচ মেম্বার-চেয়ারম্যানরা সব কাজে আমাদেরই পাঠায়। এভাবে কি বেঁচে থাকা যায়,” বলেন একজন।
গ্রামপুলিশ সদস্যদের ছয় দফা দাবির মধ্যে আছে- গ্রামপুলিশকে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা, অন্য বাহিনীর মত রেশনিং ব্যবস্থা চালু, কল্যাণ তহবিলের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ, প্রতি গ্রামপুলিশ সদস্যকে অবসরকালীন চার থেকে সাড়ে চার লাখ টাকা দেওয়া, প্রশিক্ষণ কেন্দ্র ও সদর দপ্তর চালু করা এবং অবসরে যাওয়ার সময় ৫০ মাসের গ্র্যাচুইটি প্রদান।
মুসলিম ইন্সটিটিউটে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সম্পাদক আনছার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সত্য নারায়ণ দাশ।
