চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক এসএমই মেলা শুরু শনিবার
চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শনিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক এসএমই মেলা-২০১৬।
বৃহস্পতিবার বিকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন করে মেলার বিভিন্ন দিক তুলে ধরে আয়োজক সংস্থা চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, শনিবার সকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর মেলার উদ্বোধন করার কথা রয়েছে।
“এসএমই সেক্টর হচ্ছে যে কোনো দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কোরিয়া-চীন-জাপানসহ বহু দেশ এসএমই সেক্টরের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে।”
মেলার উদ্দেশ্য তুলে ধরে মাহবুবুল আলম বলেন, দেশের পণ্য সম্পর্কে ভোক্তাদের জানানো, বিদেশি পণ্যের সাথে দেশীয় পণ্যের তুলনামূলক বিশ্লেষণ, ভারী শিল্পের পশ্চাদসংযোগ উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং এসএমই অর্থায়ন সম্পর্কে ধারণা দেওয়াই লক্ষ্য।
“স্মল ইজ বিউটি। এসএমই যত উন্নত হবে দেশের অর্থনীতি তত এগিয়ে যাবে। এই এসএমই একদিন মহীরুহ হবে।”
এবারের মেলায় কৃষিজাত পণ্য, চামড়াজাত পণ্য, হস্তশিল্প, প্ল্যাস্টিক, অটোমোবাইলস, লাইট ইঞ্জিনিয়ারিং, ক্যাবল অ্যান্ড ওয়্যার, মেটাল সিকিউরিটি প্রোডাক্ট, স্টিল, বুটিক, হারবাল কসমেটিকস, কৃষি যন্ত্র, জুয়েলারি, পর্যটন, আইটি, গার্মেন্টস এক্সেসরিজ এবং এসএমই ফাইন্যান্সিং সেক্টরের উদ্যোক্তারা অংশ নেবে।
মেলায় থাকছে ৫৮টি স্টল। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এবারের প্রথম এসএমই মেলায় বিদেশি কোনো উদ্যোক্তা অংশ নিচ্ছে না জানিয়ে ভবিষ্যতে এই চিত্র বদলে যাবে বলে আশা প্রকাশ করেন মাহবুবুল আলম।
তিনি বলেন, “এবার বিদেশি কোনো উদ্যোক্তা অংশ নিচ্ছে না। তবে শুরু তো করতে হবে। পাঁচ বছরের মধ্যে ভিন্ন চিত্র পাবেন।”
সংবাদ সম্মেলনে অন্যদের চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, এসএমই কমিটির আহ্বায়ক মাহফুজুল হক শাহ, সদস্য অহিদ সিরাজ স্বপন, এম এ মোতালেব, মোহাম্মদ হাবিবুল হব ও অঞ্জন শেখর দাশ উপস্থিত ছিলেন।
